ফরচুন সুজের চেয়ারম্যানসহ ৮ জনকে অর্থদণ্ড ৭ কোটি টাকা
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফরচুন সুজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সহ আট জনকে মোট সাত কোটি ২০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের ২০২২ হিসাব বছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাবদ তিন কোটি ৯৮ লাখ টাকা পরিশোধে ব্যর্থতা ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৩ বছরের লিস্টিং ফি বকেয়া ১৮ লাখ ২৯ হাজার টাকা পরিশোধে ব্যর্থতা অভিযোগে এ অর্থদণ্ড করা হয়েছে।
আজ বুধবার (১৩ মে) বিএসইসির ১০১৩তম কমিশন সভায় এ অর্থদণ্ড করা হয়েছে সংস্থাটির পরিচালক ও মুখপাত্র মো আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ফরচুন সুজের চেয়ারম্যান মো. মিজানুর রহমানকে পাঁচ কোটি টাকা, ব্যবস্থাপনা পরিচালক রোকসানা রহমানকে ৫০ লাখ টাকা, কোম্পানির পরিচালক মো. আমানুর রহমানকে ৫০ লাখ টাকা, রবিউল ইসলাম ৫০ লাখ, সাবেক পরিচালক মো. খসরুল ইসলামকে ৫০ লাখ টাকা, প্রধান অর্থ কর্মকর্তা জামিল আহমেদ চৌধুরীকে ১০ লাখ টাকা, সাবেক কোম্পানি সচিব রিয়াজ উদ্দিন ভূঁইয়াকে পাঁচ লাখ টাকাসহ বর্তমান কোম্পানি সচিব মো. নাজমুল হোসেনকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক