ডিএসইতে লেনদেনসহ পতনে সূচক, কমেছে মূলধনও
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ বুধবার (১০ জুন) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। লেনদেন কমে এদিন এক হাজার ২১০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। গতকাল মঙ্গরবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে এক হাজার ১৪১ কোটি টাকা।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। তবে বেলা বাড়ায় পর সূচকটি পতনে ফিরে। এদিন লেনদেন শেষে ডিএসইএক্সের কমেছে দুই দশমিক ৬৬ পয়েন্ট। সূচকটি কমে দিন শেষে দাঁড়ায় পাঁচ হাজার ৫১৬ দশমিক ৮২ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক শূন্য দশমিক শূন্য পাঁচ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ৮০ দশমিক শূন্য ৯ পয়েন্টে। তবে ডিএসইএস সূচক দুই দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১১৪ দশমিক ১২ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ২১০ কোটি ৫ লাখ টাকার শেয়ার। যেখানে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল এক হাজার ৩৮৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯০ হাজার ৪৬৩ কোটি ৬৬ লাখ টাকা। গতকাল মঙ্গরবার মূলধন ছিল ছয় লাখ ৯১ হাজার ৬০৪ কোটি ৯৩ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ১৭৮টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৪টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবের শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সামিট অ্যালায়েন্স পোর্টের ২৫ কোটি ২৩ লাখ টাকা, এনসিসি ব্যাংকের ২৩ কোটি ৬১ লাখ টাকা, পিপলস রিজিংয়ের ২৩ কোটি ৪৩ লাখ টাকা এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৯৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিডি থাইয়ের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৪২ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক