ইরান যুদ্ধ নয়, সংলাপে সমাধান চায় : পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তাঁর দেশ কোনো যুদ্ধ চায় না, বরং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান চায়। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি মনে করে তারা কোনো ইচ্ছা চাপিয়ে দেবে বা ইরানকে আত্মসমর্পণে বাধ্য করবে, তবে সেই প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ তাঁর এই মন্তব্য প্রকাশ করেছে। খবর আল জাজিরার।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির কাঠামোর মধ্যে থেকে বেসামরিক নাগরিক, শিশু ও অভিজাতদের লক্ষ্যবস্তু করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। বিশেষ করে স্কুল ও হাসপাতালসহ গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ধ্বংস করা অমানবিক।’
ইরানের প্রেসিডেন্টের সংলাপের আহ্বানের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক আশাবাদ ব্যক্ত করেছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, যুদ্ধ এখন ‘প্রায় শেষ’ পর্যায়ে। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই পাকিস্তানে ইরানের সঙ্গে দ্বিতীয় দফা মুখোমুখি আলোচনা শুরু হতে পারে।
শান্তি আলোচনার সম্ভাবনার কথা শোনা গেলেও মাঠের পরিস্থিতি এখনো উত্তপ্ত। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে তাদের নৌ অবরোধের দ্বিতীয় দিনে সমুদ্রপথে ইরানের যাবতীয় অর্থনৈতিক বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক