ইসরায়েলি হামলায় লেবাননে কমপক্ষে ২ হাজার ৭০২ জন নিহত
ইসরায়েলি হামলায় লেবাননে কমপক্ষে ২ হাজার ৭০২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত ২ মার্চ ইসরায়েল হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ২ হাজার ৭০২ জন নিহত হয়েছে।
এছাড়া ইসরায়েলি হামলায় লেবাননে এ পর্যন্ত আহত হয়েছে ৮ হাজার ৩১১ জন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ফের চরমে পৌঁছেছে। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি মার্কিন জাহাজে হামলা চালায়, তবে দেশটিকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে’।
সোমবার (৪ মে) অঞ্চলটিতে নতুন করে সংঘাত শুরু হয়। ইরান সংযুক্ত আরব আমিরাতের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। একই দিনে যুক্তরাষ্ট্র দাবি করেছে, হরমুজের কাছে ইরানের সাতটি ছোট নৌকা ধ্বংস করেছে তারা। খবর আল জাজিরার।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী।
ট্রাম্প আরও বলেন, আমাদের কাছে সেরা অস্ত্র রয়েছে, বিশ্বের বিভিন্ন স্থানে ঘাঁটি রয়েছে। প্রয়োজনে আমরা সবই ব্যবহার করব।

এনটিভি অনলাইন ডেস্ক