সংঘাত চললেও আলোচনায় বসেছে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা
ইসরায়েল এবং লেবাননের প্রতিনিধিরা আজ শুক্রবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে দ্বিতীয় দিনের মতো আলোচনা শুরু করেছে। তবে, আলোচনা শুরু হলেও ইসরায়েল তার উত্তরের প্রতিবেশী লেবাননের ওপর হামলা চালানোয় নতুন করে সহিংসতার সৃষ্টি হয়েছে বলে কূটনীতিকরা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।
একটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে, কূটনৈতিক সম্পর্কহীন দুই দেশ লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা স্থানীয় সময় সকাল ৯টার কিছু পরে স্টেট ডিপার্টমেন্টে পুনরায় আলোচনা শুরু করেন।
স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবারের প্রথম দিনের আলোচনা ‘ফলপ্রসূ’ ছিল, কিন্তু পরে ইসরায়েল জানায় যে, দক্ষিণ লেবাননে তাদের একজন সৈন্য নিহত হয়েছে এবং এর জেরে তারা হিজবুল্লাহকে লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে।
লেবাননে এ বছরের ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় অন্তত ২ হাজার ৯৫১ জন নিহত এবং ৮ হাজার ৯৮৮ জন আহত হয়েছেন। এর মধ্যে এপ্রিলের মাঝামাঝি সময়ে মার্কিন মধ্যস্থতায় ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে অন্তত ৬৫৭ জন নিহত এবং ১ হাজার ৪৪৪ জন আহত হয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক