‘এখন থেকে ইসরায়েলকে একটি বাধা হিসেবে গণ্য করবে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার বর্তমান পরিস্থিতিকে ‘এখনও অত্যন্ত বিস্ফোরক’ বলে বর্ণনা করেছেন ইসরায়েলের বিখ্যাত হারেৎজ পত্রিকার লেখক ও কলামিস্ট গিডিওন লেভি। তিনি জানিয়েছেন, এই পুরো খেলায় শেষ পর্যন্ত ইসরায়েলই হেরেছে। খবর আল জাজিরার।
গিডিওন লেভি উল্লেখ করেন, ডোনাল্ড ট্রাম্পের চারপাশে রিপাবলিকান পার্টি, হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্টে এমন অনেক প্রভাবশালী ব্যক্তি আছেন, যারা খোদ ট্রাম্পের চেয়েও ইসরায়েলের কর্মকাণ্ডের ব্যাপারে অনেক বেশি সমালোচনামূলক।
লেভি আল জাজিরাকে বলেন, এখন যদি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে সফল হন, তাহলে ইসরায়েল সত্যিই এমন এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে যা তারা আগে কখনও দেখেনি। এই বৈরিতার মারাত্মক পরিণতি খুব অল্প সময়ের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে বলে তিনি মনে করেন।
লেভি আরও যোগ করেন, যুক্তরাষ্ট্র এবং ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্পের জন্য ইসরায়েল এখন একটি বড় বাধা বা বোঝা হয়ে দাঁড়িয়েছে, এবং এখন থেকে একে একটি বাধা হিসেবেই গণ্য করা হবে।

নিজস্ব প্রতিবেদক