ইরান যুদ্ধ মোকাবিলায় ন্যাটোর ভূমিকায় ট্রাম্প ‘খুবই হতাশ’ : রুবিও
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সময়ে মার্কিন সামরিক বাহিনীকে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে স্পেনের অস্বীকৃতি জানানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে হোয়াইট হাউস। ন্যাটোর ওপর ওয়াশিংটনের ক্রমবর্ধমান হতাশার কথা তুলে ধরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ন্যাটোভুক্ত দেশগুলোর এমন আচরণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘খুবই হতাশ’ হয়েছেন। খবর আল জাজিরার।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কো রুবিও বলেন, ‘আমি জানি ন্যাটো জোটের সদস্য হওয়াটা ইউরোপের দেশগুলোর জন্য কেন ভালো। কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য এতে কী লাভ? আমাদের জন্য ন্যাটোর গুরুত্ব হলো- এই জোটের কারণে আমরা এমন কিছু সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ পাই, যা মধ্যপ্রাচ্যসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শন করতে সাহায্য করে।’
স্পেনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে রুবিও আরও বলেন, ‘ন্যাটোতে আমাদের থাকার মূল কারণই যদি এটি হয় এবং তারপরও স্পেনের মতো দেশগুলো আমাদের সেই ঘাঁটিগুলো ব্যবহার করতে না দেয়, তবে প্রশ্ন উঠতেই পারে—আপনারা আসলে কেন এই ন্যাটো জোটে আছেন? এটি একটি অত্যন্ত যৌক্তিক ও ন্যায্য প্রশ্ন।’
রুবিও বলেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতিতে ন্যাটোভুক্ত বন্ধু রাষ্ট্রগুলোর কাছ থেকে যেমন সাড়া আশা করা হয়েছিল, তা না পাওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প এই জোটের ওপর চরম অসন্তুষ্ট ও হতাশ।

এনটিভি অনলাইন ডেস্ক