ইংলিশ চ্যানেলে রুশ ‘শ্যাডো ফ্লিট’ ট্যাংকার আটকের দাবি ব্রিটেনের
যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী ইংলিশ চ্যানেলে রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
স্থানীয় সময় আজ রোববার (১৪ জুন) ভোরে পরিচালিত প্রায় ছয় ঘণ্টার অভিযানে ব্রিটিশ রয়্যাল মেরিন কমান্ডো, জাতীয় অপরাধ সংস্থার (এনসিএ) বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা এবং রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) যৌথভাবে জাহাজটিতে অভিযান চালায়। খবর বিবিসির।
স্মিরটোস নামের ট্যাংকারটিকে বর্তমানে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের কাছে নজরদারির মধ্যে রাখা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জাহাজটি আটক থাকবে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী স্টারমার এক বিবৃতিতে বলেন, এই সফল অভিযান রাশিয়ার বিরুদ্ধে আরেকটি বড় আঘাত। ইউক্রেন যুদ্ধের জন্য পুতিনের অর্থায়নে যারা সহায়তা করছে, তাদের জন্য এটি একটি স্পষ্ট বার্তা যে আমরা তাদের লুকিয়ে থাকতে দেব না।
প্রতিরক্ষামন্ত্রী ড্যান জার্ভিস বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের অর্থ জোগাতে তাদের শ্যাডো ফ্লিটের ওপর নির্ভর করে। এই অভিযান পুতিনের অবৈধ যুদ্ধকে দুর্বল করার আরেকটি পদক্ষেপ।
অভিযানে ব্রিটিশ নৌবাহিনীর এইচএমএস সাদারল্যান্ড ও এইচএমএস লেডবেরি অংশ নেয়। এছাড়া একটি আরএএফ পি-৮ সামুদ্রিক নজরদারি বিমানও মোতায়েন করা হয়।
পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া দীর্ঘদিন ধরে ‘শ্যাডো ফ্লিট’ নামে পরিচিত শত শত তেলবাহী জাহাজ ব্যবহার করছে। এসব জাহাজের মালিকানা ও পরিচালন কাঠামো সাধারণত অস্পষ্ট থাকে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭০০টিরও বেশি জাহাজ নিয়ে গঠিত এই বহর রাশিয়ার নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রায় ৭৫ শতাংশ তেল পরিবহন করে থাকে এবং এটি ক্রেমলিনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক লাইফলাইন হিসেবে কাজ করছে।
যুক্তরাজ্য ইতোমধ্যে এই বহরের ৫০০টিরও বেশি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক