কাউনিয়ায় ইয়াবাসহ যুবক আটক
রংপুরের কাউনিয়া উপজেলায় ৭৭ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ মিলন (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১০ জুন) রাতে উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভূতছাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মিলন উপজেলার খোর্দ্দ ভূতছাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী সঙ্গীয় ফোর্সসহ খোর্দ্দ ভূতছাড়া এলাকায় মিলনের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ৭৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবউদ্দিন জানান, এই ঘটনায় কাউনিয়া থানায় একটি মামলা করা হয়েছে। আটক যুবককে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

সুজন মনোয়ার, রংপুর (কাউনিয়া-পীরগাছা)