ষাঁড়ের লড়াইয়ের নামে জুয়া, গ্রেপ্তার ১৫
নেত্রকোনার সদর উপজেলার কান্দুলিয়া এলাকায় ষাঁড়ের লড়াইয়ের নামে জুয়ার আসর বসানোর অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৭ জুন) ভোরে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। এ সময় নগদ দুই লাখ ৪৩ হাজার ৬৭০ টাকা, একটি পিকআপ ভ্যান ও লড়াইয়ের একটি ষাঁড় জব্দ করা হয়।
পুলিশ জানায়, নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের পাশে কান্দুলিয়া এলাকার একটি মাঠে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করে জুয়া খেলা চলছিল—খবর পেয়ে মডেল থানার একটি টহল দল ভোর সাড়ে ৪টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েক ব্যক্তি পিকআপে করে একটি ষাঁড় নিয়ে পালানোর চেষ্টা করে। পরে ষাঁড়সহ পিকআপটি জব্দ ও ১৫ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—সদরের পশ্চিম উলুয়াটী এলাকার আব্দুল বারেক (৩৭), মো. কাজল মিয়া (৩৫), মো. রহিজ (৪৫), মন্টু রবি দাস (৪৫), পূর্বধলার মো. রাসেল মিয়া (২৬), মো. রাসেল (৪০), মো. শফিকুল (৪৫), মো. বেলাল হোসেন (৪৫), মো. রাব্বী মিয়া (২৫), মো. এনামুল হক (৩০), মো. সুজন মাহমুদ (৩৫), মো. আল আমিন (৪০), আবুল কালাম (৪০) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মো. কামাল মিয়া (৫০) ও মো. হারেজ মিয়া (৫০)।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের তল্লাশি করে দুই লাখ ৪৩ হাজার ৬৭০ টাকা, একটি পিকআপ ভ্যান এবং আনুমানিক এক লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি ষাঁড় জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা টাকার বিনিময়ে ষাঁড়ের লড়াই পরিচালনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মডেল থানায় প্রকাশ্য জুয়া আইনের ১১ ধারায় মামলা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

ভজন দাস, নেত্রকোনা