যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, ১১ স্কাইডাইভারসহ পাইলট নিহত
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১১ জন স্কাইডাইভার ও একজন পাইলট নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটিকে ‘বড় ধরনের প্রাণহানির ঘটনা’ হিসেবে বিবেচনা করছে।
স্থানীয় সময় রোববার (১৪ জুন) সকাল ১১টা ২০ মিনিটের দিকে উড়োজাহাজটি একটি স্কাইডাইভিং কোম্পানির জন্য উড্ডয়ন করে। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই উড়োজাহাজটি প্রয়োজনীয় উচ্চতা অর্জনে ব্যর্থ হয় এবং হঠাৎ বাম দিকে তীব্র মোড় নিয়ে বিধ্বস্ত হয়। খবর বিবিসির।
বেটস কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট বিভাগের এক মুখপাত্র জানান, উড়োজাহাজটি বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে প্রায় ২০০ গজ দূরে আছড়ে পড়ে। এতে উড়োজাহাজে থাকা ১২ জনই নিহত হন।
বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা ঘটনাটিকে গণহতাহতের ঘটনা হিসেবে বিবেচনা করছি।
চ্যাড অ্যান্ডারসন জানান, এটি কোনো বাণিজ্যিক যাত্রীবাহী উড়োজাহাজ ছিল না। এটি স্থানীয় বিমানবন্দর থেকে উড্ডয়ন করা একটি ছোট উড়োজাহাজ ছিল।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি ছিল একটি প্যাসিফিক অ্যারোস্পেস পি৭৫০ মডেলের উড়োজাহাজ, যা বিমানবন্দর ত্যাগ করার সময় বিধ্বস্ত হয়।
এফএএ আরও জানায়, দুর্ঘটনার সময় উড়োজাহাজটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সরাসরি তত্ত্বাবধানে ছিল না। সংশ্লিষ্ট আকাশসীমার নিয়ম অনুযায়ী ওই ধরনের উড়োজাহাজের জন্য তা বাধ্যতামূলকও ছিল না।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা খোঁজ নিয়ে দেখেন, কোনো স্কাইডাইভার উড়োজাহাজ থেকে লাফিয়ে বের হতে পেরেছিলেন কি না। তবে এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি।
শেরিফ অ্যান্ডারসন জানান, নিহতদের কয়েকজনের স্বজন ঘটনাটি প্রত্যক্ষ করেছেন।
এখন পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
মিসৌরির বাটলার শহরটি কানসাস সিটি মহানগর এলাকা থেকে প্রায় ৫০ মাইল দক্ষিণে অবস্থিত।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। তদন্তে সহযোগিতা করছে এফএএ।

এনটিভি অনলাইন ডেস্ক