লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব শুরু
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী আশ্রমে শুরু হয়েছে সাধক লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী আশ্রমে বুধবার (৩ জুন) থেকে শুরু হয়েছে উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব। এ উপলক্ষে তিন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করেছে আশ্রম কর্তৃপক্ষ।
এদিকে, উৎসবে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতসহ বিশ্বের নানা স্থান থেকে হাজারো ভক্ত সমবেত হয়েছেন। তাদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উৎসবকে ঘিরে বারদী আশ্রম ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। বুধবার সকালে পূজা-অর্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। আশ্রম প্রাঙ্গণ ও বিভিন্ন স্থাপনা আলোকসজ্জা ও বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।
তিরোধান উৎসব উপলক্ষে বারদী এলাকায় সাত দিনব্যাপী মেলাও বসেছে। ভক্তদের আবাসন, খাবার ও ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। আশ্রমের তীর্থ নিবাসসহ বিভিন্ন স্থানে ভক্তদের থাকার ব্যবস্থা করা হয়েছে।
বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শংকর কুমার দে বলেন, “উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন। কর্মসূচির মধ্যে রয়েছে- পূজা-অর্চনা, ঊষাকীর্তন, গীতা পাঠ, বাল্যভোগ ও রাজভোগ বিতরণ, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা এবং সন্ধ্যাকালীন কীর্তন।”
এদিকে, বারদী এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মঙ্গলবার আশ্রম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্রিফিং ও প্যারেড অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
এসপি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “উৎসবস্থলে পুলিশ, র্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয় শতাধিক সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, মেঘনা নদীতে নৌ-পুলিশের টহল এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, “উৎসবে আগত ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।”
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, “প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ভক্তরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।”
হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, লোকনাথ ব্রহ্মচারী ১৭৩০ খ্রিষ্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ সাধনা ও মানবসেবার মাধ্যমে তিনি আধ্যাত্মিক মহাপুরুষ হিসেবে পরিচিতি লাভ করেন। জীবনের শেষ ২৬ বছর তিনি সোনারগাঁওয়ের বারদীতে অবস্থান করেন। বাংলা ১২৯৭ সালের ১৯ জ্যৈষ্ঠ বারদী আশ্রমে তার মহাপ্রয়াণ ঘটে। সেই স্মরণে প্রতিবছর ১৯ জ্যৈষ্ঠ তিরোধান উৎসব পালিত হয়ে আসছে।
ঢাকা/অনিক/মাসুদ
প্রথম টি–টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হারল বাংলাদেশ