ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

অস্বাস্থ্যকর পরিবেশে মোরগ পোলাও, তেহারি

মুন্সীগঞ্জে হাজী দম বিরিয়ানিকে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৯, ১৭ জুন ২০২৬  
মুন্সীগঞ্জে হাজী দম বিরিয়ানিকে জরিমানা

মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম দেওভোগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে ‘হাজী দম বিরিয়ানি’ নামক একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত বাজার তদারকি ও মনিটরিং অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

অভিযানকালে প্রতিষ্ঠানটির রান্নাঘর পরিদর্শন করে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মোরগ পোলাও, তেহারি ও অন্যান্য খাদ্যসামগ্রী প্রস্তুত করা হচ্ছে। এছাড়া খাবারে নন-ফুডগ্রেড রঙ ব্যবহার করা হচ্ছিল এবং একই ফ্রিজে কাঁচা মাংস ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল, যা খাদ্য নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ সুমনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন ভূঁইয়া এবং ব্যাটালিয়ন আনসার, মুন্সীগঞ্জের একটি দল সহযোগিতা করে। 

ঢাকা/রতন

সর্বশেষ

পাঠকপ্রিয়