ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

অসুস্থতা নিয়েই গাইবেন সোনু নিগম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ১৭ জুন ২০২৬   আপডেট: ১৯:২৩, ১৭ জুন ২০২৬
অসুস্থতা নিয়েই গাইবেন সোনু নিগম

কাঁধে মেডিকেল প্যাচ লাগানো অবস্থায় ইনস্টাগ্রামে ভিডিও বার্তা শেয়ার করেন সোনু নিগম

শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। এখন নার্ভজনিত জটিল সমস্যায় ভুগছেন তিনি। নার্ভে তীব্র ব্যথা হওয়ায় নিয়মিত ওষুধ খেতে হচ্ছে। তারপরও মঞ্চে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই গায়ক।

আরো পড়ুন:

ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিও বার্তায় স্বাস্থ্যগত জটিলতা নিয়ে কথা বলেন সোনু নিগম। ভিডিওতে কাঁধে একটি মেডিকেল প্যাচ লাগানো অবস্থায় দেখা যায় তাকে। সেখানে তিনি জানান, তার নার্ভ চেপে যাওয়ার সমস্যা হয়েছে, যা তাকে বেশ ভোগাচ্ছে।

সোনু নিগম বলেন, “আমার নার্ভ চেপে গেছে। অনেক ওষুধ খেতে হচ্ছে। আমি খুব কষ্টে ছিলাম। এখন ব্যথানাশক ওষুধ খাচ্ছি। এসব ওষুধের কারণে আমার গলাও ভারী হয়ে আছে।”

গত এক সপ্তাহ ধরে নিজের শারীরিক অবস্থার প্রকৃত পরিস্থিতি বোঝার জন্য এমআরআই, সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা করিয়েছেন সোনু নিগম। পাশাপাশি ব্যথা নিয়ন্ত্রণে নিয়মিত ব্যথানাশক ওষুধ সেবন করছেন বলেও জানান এই তারকা।

এতকিছুর পরও গান থেকে দূরে থাকতে চান না সোনু নিগম। প্রায় এক মাস পর আবারো মঞ্চে ফিরতে যাচ্ছেন। যদিও অসুস্থতার কারণে আত্মবিশ্বাস কিছুটা কমেছে তার।

ভিডিওতে সোনু নিগম বলেন, “আত্মবিশ্বাসও এখন একটু কম। গলাটাও ভারী লাগছে। কিন্তু কী করা যাবে? কোনো সমস্যা নেই। ঈশ্বর যেন আমাকে মঞ্চে শক্তি দেন।”

ভিডিওটি প্রকাশের পর ভক্তদের কাছ থেকে ব্যাপক সাড়া পান সোনু নিগম। অনেকে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ জুন মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘আনন্দম-দ্য সিম্ফনি অব ডিভোশন’ অনুষ্ঠানে অংশ নেবেন সোনু নিগম। সংগীত ও ভক্তিমূলক আবহের এই আয়োজনে আরো পারফর্ম করবেন শঙ্কর মহাদেব, শান, ঊষা উত্থুপসহ ভারতের একাধিক খ্যাতিমান শিল্পী।

শারীরিক যন্ত্রণা ও চিকিৎসার মধ্যেও মঞ্চে ফেরার ইচ্ছা প্রকাশ করে সোনু নিগম যেন আবারো প্রমাণ করলেন, শিল্পীর কাছে দর্শক-শ্রোতার ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি।

*দ্য ফ্রি প্রেস জার্নাল অবলম্বনে

ঢাকা/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়