Published : 16 Jun 2026, 09:08 PM
অন্তর্বর্তী সরকারের সময়ের নির্বাচন সংস্কার কমিশনের সদস্য মীর নাদিয়া নিভিনকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে সরকার।
নাদিয়া নিভিন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি স্বতন্ত্র পরিচালক ছিলেন। তার নতুন দায়িত্বের কথা মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে আইডিআরএ।
গত ২ মার্চ আইডিআরএ এর চেয়ারম্যান সাবেক সচিব আসলাম আলম পদত্যাগ করলে পদটি শূন্য হয়।
নাদিয়া নিভিন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) কাজ করেন। স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে তিনি পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার, মালয়েশিয়া, বাংলাদেশ, জার্মানি ও নিউ ইয়র্কে ইউএনডিপির দপ্তরে দায়িত্ব পালন করেন।
তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির জন এফ কেনেডি স্কুল অব গভর্নমেন্ট থেকে মাস্টার অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ও ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি স্যাক্রামেন্টো থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টা অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন।