প্রায় সাত দশক ধরে একই ছাদের নিচে, একই স্বপ্ন আর সংগ্রামের পথে হেঁটেছেন তারা। জীবনের প্রতিটি অধ্যায়ে ছিলেন একে অপরের ছায়াসঙ্গী। অবশেষে মৃত্যুতেও সেই বন্ধন অটুট রাখলেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার এক বৃদ্ধ দম্পতি।
উপজেলার ধর্মগড় পোড়াবাড়ি গ্রামের বাসিন্দা ৯০ বছর বয়সী নগেন চন্দ্র ও তার ৭৮ বছর বয়সী স্ত্রী সিঞ্জো বালার মৃত্যু হয়েছে মাত্র এক ঘণ্টার ব্যবধানে। স্বামীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরেই স্ত্রী মারা গেছেন বলে ধারণা করছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।
পরিবার সূত্রে জানা যায়, বয়সজনিত নানা শারীরিক জটিলতায় কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন নগেন চন্দ্র। বুধবার ভোর প্রায় ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিনের জীবনসঙ্গীকে হারানোর দৃশ্য সামনে দেখেই ভেঙে পড়েন সিঞ্জো বালা। বারবার জ্ঞান হারাতে থাকেন তিনি। এরপর সকাল ৬টার দিকে তিনিও মারা যান।
স্থানীয়দের ভাষ্য, প্রায় ৭০ বছরের দাম্পত্যজীবনে নগেন চন্দ্র ও সিঞ্জো বালাকে সবসময় একসঙ্গেই দেখা গেছে। তাদের মধ্যে কখনো বড় কোনো ঝগড়া-বিবাদ দেখেননি বলেও জানান প্রতিবেশীরা। দুই ছেলে ও চার মেয়েকে নিয়ে গড়ে ওঠা তাদের সংসার ছিল ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার এক অনন্য উদাহরণ।
দম্পতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। অনেকেই আবেগঘন কণ্ঠে বলেন, জীবনে যেমন তারা একে অপরকে ছাড়েননি, মৃত্যুতেও তেমনি পাশাপাশি পথচলা বেছে নিয়েছেন।
পরে বিকেলে বাংলাদেশ-ভারত সীমান্তসংলগ্ন নাগর নদীর চরে পাশাপাশি তাদের শেষকৃত্য সম্পন্ন করা হয়। জীবনের দীর্ঘ পথচলার মতোই শেষ বিদায়েও রয়ে গেলেন একসঙ্গে।