রংপুরে বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
রংপুরের পীরগঞ্জ পৌরসভার ধনাশালা এলাকায় একটি ইউক্লিপটাস বাগান থেকে রজব আলী (৭৬) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (৪ মে) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহত রজব আলী পীরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ধনশালা গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত বসির উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার (৩ মে) সন্ধ্যায় রজব আলী বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সোমবার সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে একটি ইউক্লিপটাস বাগানের ভেতরে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের ছেলে সাজ্জাদ মিয়া এই মৃত্যুকে রহস্যজনক দাবি করে বলেন, আমার বাবা যদি রাস্তায় পড়ে থাকতেন, তবে সড়ক দুর্ঘটনা মনে করতাম। কিন্তু তাকে রাস্তা থেকে কিছুটা দূরে বাগানের ভেতরে পাওয়া গেছে। বিষয়টি আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা না কি স্বাভাবিক মৃত্যু, তা নিশ্চিত হওয়া যাবে।

মো. রতন মিয়া, রংপুর (পীরগঞ্জ-মিঠাপুকুর)