উলিপুরে স্কুলছাত্র নিখোঁজ, থানায় জিডি
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আশিক (১৪) নামে এক স্কুলছাত্র গত দুইদিন ধরে নিখোঁজ রয়েছে। গত রোববার (৩ মে) সকালে স্কুলের উদ্দেশ্যে বের হলেও সে স্কুলে পৌঁছায়নি এবং বাড়িতেও ফিরে আসেনি। এ ঘটনায় নিখোঁজের বাবা উলিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ আশিক উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা মাদ্রাসার পাড় গ্রামের আব্দুল হালিমের ছেলে। সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ম শ্রেণির ছাত্র।
থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার (৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে আশিক তবকপুর ইউনিয়নে তার মামার বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয়। বিকেল ৪টা বেজে গেলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজ নিতে শুরু করেন। একপর্যায়ে জানা যায়, ওইদিন সে স্কুলেও যায়নি। এরপর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় সন্ধান করেও তার কোনো হদিস মেলেনি।
উলিপুর থানার এসআই (নিরস্ত্র) মো. আশেদুজ্জামান জানান, স্কুলছাত্র নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে খুঁজে বের করতে পুলিশের টিম মাঠে কাজ করছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সব সম্ভাব্য স্থানে খোঁজ নেওয়া হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক