খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ‘ইউপিডিএফ’ সদস্য নিহত
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ইসলামপুর এলাকায় সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে মো. ইমন হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ’র (গণতান্ত্রিক) পক্ষ থেকে তাকে নিজেদের কর্মী বলে দাবি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ইমন হোসেন পানছড়ির মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে ইসলামপুর আনসার পোস্ট সংলগ্ন স-মিল এলাকায় অবস্থান করছিলেন ইমন। এসময় একটি মাহেন্দ্র গাড়িতে করে চারজন সশস্ত্র দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে লোগাংয়ের দিকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইউপিডিএফ’র (গণতান্ত্রিক) পানছড়ি উপজেলার সমন্বয়কারী বিকাশ ত্রিপুরা এই হত্যাকাণ্ডের জন্য তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দল ইউপিডিএফ (প্রসীত) গ্রুপকে দায়ী করেছেন। তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান। তবে এই অভিযোগের বিষয়ে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি