ধান মাড়াই নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখম
মেহেরপুরের গাংনী উপজেলার যুগিন্দা গ্রামে ধান মাড়াইকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জয় (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত জয় যুগিন্দা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ধান মাড়াই করাকে কেন্দ্র করে একই গ্রামের মোকলেসুর রহমানের ছেলে আলমগীর ও জাহাঙ্গীরের সঙ্গে জয়ের বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার জের ধরে বুধবার সন্ধ্যায় ধান মাড়াই শেষে বাড়ি ফেরার পথে জয়কে ওত পেতে থাকা প্রতিপক্ষরা দেশীয় ধারালো অস্ত্র ‘হাসুয়া’ দিয়ে কুপিয়ে জখম করে।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জয়কে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করা হয়।
আহত জয়ের দাবি, ধান মাড়াইয়ের মেশিন আনতে মাঠে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা তার কাছে থাকা প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলেও তিনি অভিযোগ করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহবুবুর রহমান নয়ন জানান, জয়ের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। আশঙ্কাজনক অবস্থা হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর