মেহেরপুরে সিএফএইচ’র বৃক্ষরোপণ কর্মসূচি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর হিউম্যানিটি (সিএফএইচ)। এ কর্মসূচির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘গ্রিন মেহেরপুর ক্যাম্পেইন ২০২৬’।
শুক্রবার (৫ জুন) সকালে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর এবং শহরের বিভিন্ন সড়কের রোড ডিভাইডারে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিএফএইচ’র ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক মিলি আক্তার বর্ষা, মেহেরপুর জেলা ইউনিটের সমন্বয়ক মো. তুহিন, রায়হান রাফি, মিয়াজান আলী, আশিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
এসময় মিলি আক্তার বর্ষা বলেন, পরিবেশ রক্ষা ও সামাজিক বনায়নের লক্ষ্য নিয়ে কাম ফর হিউম্যানিটি প্রতিবছর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় বিশ্ব পরিবেশ দিবসে ‘গ্রিন মেহেরপুর ক্যাম্পেইন ২০২৬’-এর যাত্রা শুরু করা হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মামুন অর রশিদ বলেন, তার দূরদর্শী পরিকল্পনা, পরিবেশ ও মানবতার প্রতি দায়বদ্ধতা এবং সার্বিক দিকনির্দেশনার ফলেই প্রতিবছর এ ধরনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর