মেহেরপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭
মেহেরপুরের গাংনীতে একটি বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশু ও বৃদ্ধসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। গতকাল রোববার (১৪ জুন) বিকেলে গাংনী বড়বাজারের কসাইখানা এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে একটি বেওয়ারিশ কুকুর হঠাৎ করেই পথচারীদের ওপর আক্রমণ চালায়। মুহূর্তের মধ্যে বাজারে থাকা মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কুকুরটি একের পর এক পথচারীকে কামড়ে রক্তাক্ত করতে থাকে। এসময় চিৎকার শুনে আহতদের উদ্ধার করতে এগিয়ে আসা কয়েকজনও কুকুরটির আক্রমণের শিকার হন। পরে স্থানীয় লোকজন একত্রিত হয়ে আক্রমণকারী কুকুরটিকে পিটিয়ে হত্যা করেন।
আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে ১০ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি ৭ জনকে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজন শিশু ও বয়স্ক ব্যক্তি রয়েছেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সামিয়া সুলতানা জানান, কুকুরের কামড়ে আহত ১০ জন চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন। যাদের আঘাত গুরুতর ছিল, তাদের হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। আর বাকিদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর