ব্রিজ ভেঙে খালে পাথর বোঝাই ট্রাক, ১০ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় একটি ঝুঁকিপূর্ণ গার্ডার ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ফলে চেচরিরামপুর ইউনিয়নসহ অন্তত ১০টি গ্রামের সঙ্গে উপজেলা সদরের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ শনিবার (১৬ মে) ভোরে বান্দাঘাটা-কৈখালী-ভান্ডারিয়া সড়কের জোড়াপুল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে প্রায় ১০ টন পাথর নিয়ে একটি ট্রাক কাঁঠালিয়ার ষাটকুড়া এলাকায় যাওয়ার পথে জোড়াপুল বাজার সংলগ্ন দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ গার্ডার ব্রিজটি অতিক্রম করার সময় হঠাৎ সেটি ভেঙে পড়ে। এ সময় ট্রাকটির পেছনের দুটি চাকা বিচ্ছিন্ন হয়ে খালে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন বেকু ব্যবহার করে ট্রাকটি উদ্ধার করলেও সড়ক যোগাযোগ এখনো বন্ধ রয়েছে।
ব্রিজটি ভেঙে পড়ায় ওই সড়ক দিয়ে চলাচলকারী শতশত সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে চেচরিরামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ উপজেলা সদরে যাতায়াতে তীব্র বিপাকে পড়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন এবং ঝালকাঠি সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত একটি টেকসই নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগে থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।
কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি দ্রুত অপসারণ এবং ভেঙে পড়া ব্রিজটি জরুরি ভিত্তিতে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত ব্রিজটি সাময়িকভাবে মেরামত করে খুব দ্রুত সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হবে।
সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. মজিবুর রহমান জানান, ব্রিজটি অনেক পুরোনো হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ক্ষতিগ্রস্ত ব্রিজটি পরিদর্শন করা হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে যোগাযোগ স্বাভাবিক করার কাজ শুরু করা হবে।

নাঈম হাসান, ঝালকাঠি (কাঁঠালিয়া-রাজাপুর)