বজ্রাঘাতে নারী আইনজীবী নিহত
সাতক্ষীরায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রাঘাতে অ্যাডভোকেট কামরুন্নাহার (৫৫) নামে এক নারী আইনজীবী নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৮ মে) রাত পৌনে ৮টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজের জিয়া হলের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুন্নাহার সাতক্ষীরা ক্লেমন ক্রিকেট একাডেমির পরিচালক ইকরামুল ইসলাম লালুর স্ত্রী। তিনি সাতক্ষীরা জজ কোর্টের একজন নিয়মিত আইনজীবী ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা শহর ও আশপাশের এলাকায় হঠাৎ করেই তীব্র কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে কামরুন্নাহার ঝড়ের মধ্যে নিজেদের বাড়ির পেছনের আমবাগানে যান। ঠিক ওই সময়ই পুরো এলাকা কাঁপিয়ে প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। এর কিছুক্ষণ পর এক প্রতিবেশী আমবাগানে তাকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে প্রতিবেশীদের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী ইকরামুল ইসলাম লালু জানান, ঝড়ের সময় আম কুড়াতে বা অন্য কোনো প্রয়োজনে তার স্ত্রী বাড়ির পেছনে আমগাছের তলায় গিয়েছিলেন। বজ্রপাতের সরাসরি আঘাতেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবদুর রহমান বলেন, ওই নারীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

আনিছুর রহমান, সাতক্ষীরা (সদর-কলারোয়া-তালা-ভোমরা স্থলবন্দর)