বন্যহাতি মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে নারীর মৃত্যু
বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতি তাড়ানোর জন্য পাতা বৈদ্যুতিক তারের ফাঁদে জড়িয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) ভোরের দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ হায়দারনাশী এলাকার গিয়াস উদ্দিনের আমবাগানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রুবি আক্তার (৩৮) ওই ইউনিয়নের দক্ষিণ হায়দারনাশী গ্রামের আব্দুস শুক্কুরের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফাঁসিয়াখালী ও আশপাশের পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরেই বন্য হাতির দল লোকালয়ে হানা দিয়ে ফসলি জমি ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতিসাধন করে আসছিল। এই হাতির আক্রমণ থেকে নিজেদের ফসল ও বাগান রক্ষা করতে জমির মালিক গিয়াস উদ্দিন তার আমবাগানের চারপাশ ঘিরে অবৈধভাবে জেনারেটরের মাধ্যমে বৈদ্যুতিক তারের ফাঁদ পেতে রাখেন।
আজ মঙ্গলবার ভোরে রুবি আক্তার অসাবধানতাবশত ওই বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুতায়িত তারের সাথে জড়িয়ে পড়েন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে সকালে স্থানীয় লোকজন তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে লামা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি উদ্ধার করে।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, বন্যহাতি মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

আমিনুল খন্দকার, বান্দরবান (আলিকদম-লামা)