মাদক বিক্রেতার ছুরিকাঘাতে র্যাব সদস্য নিহত
অভিযুক্ত আসাদউল আলম বাপ্পীকে আটক করেছে পুলিশ। ছবি : এনটিভি
সিলেটে ছুরিকাঘাতে ইমন আচার্য নামে এক র্যাব সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার (২২ মে) দুপুরে নগরের কিনব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত আসাদউল আলম বাপ্পীকে আটক করেছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম জানান, দুপুরে কিনব্রিজ এলাকায় কয়েকজন মাদক সেবন ও বিক্রি করছিলেন। পুলিশ তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ঘটনাস্থলে সাদা পোশাকে থাকা র্যাব-৯ এর সদস্য ইমন আচার্য একজনকে ধরতে গেলে অভিযুক্ত মাদক বিক্রেতা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গুরুতর আহত অবস্থায় ইমন আচার্যকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনজুরুল আলম আরও জানান, ঘটনার পর কতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে হামলাকারী আসাদউল আলম বাপ্পীকে আটক করেছে।

সজল ছত্রী, সিলেট