এস আলমের বিচার ও পাচার করা অর্থ ফেরতের দাবিতে গ্রাহকদের মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার ও পাচারকৃত অর্থ ফেরতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ রোববার (২৪ মে) সকালে শহরের মসজিদ রোড এলাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’র উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেট মনিরুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ব্যাংকের গ্রাহক অধ্যাপক শহীদুল্লাহ, অধ্যক্ষ মোনায়েম মুন্না, প্রবীণ গ্রাহক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. খাইরুল ইসলাম খোকন, সাবেক ব্যাংকার আবু জাহের, সাবেক অধ্যক্ষ খলিলুর রহমান, সাবেক ব্যাংকার বেলাল হোসেন, সালমা বেগম, ফাতেমা আক্তার, জুঁই আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে দেশের ইসলামী ব্যাংকিং খাতকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তারা অবিলম্বে বিতর্কিত ব্যবসায়ী এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম সম্পন্ন করার এবং বিদেশে পাচার হওয়া বিপুল অর্থ ফেরত আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
এসময় বক্তারা আরও বলেন, গ্রাহকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড ও ক্ষমতালোভী আচরণের অভিযোগে ব্যাংকের এএমডি কামাল উদ্দিন জসীমকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। একই সঙ্গে ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ ও দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার দায়ে বর্তমান চেয়ারম্যান ড. জুবায়েদুর রহমানের পদত্যাগ দাবি করেন তারা।
কর্মসূচি থেকে ব্যাংকের সাধারণ গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে এমডি ওমর ফারুক খানকে স্বপদে বহাল রাখার আহ্বান জানানো হয়। এই মানববন্ধনে ব্যাংকের সাধারণ নারী-পুরুষ গ্রাহকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া