প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জনকল্যাণে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দুর্দশা লাঘব এবং নানা প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জনকল্যাণে নানা পদক্ষেপসহ নিরলসভাবে কাজ করে চলেছেন। প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের কল্যাণে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা সুযোগ-সুবিধা বাস্তবায়ন করছে। মানুষের যেকোনো দুর্যোগে ও বিপদে সবসময়ই পাশে আছে বিএনপি সরকার, ভবিষৎতেও থাকবে।
প্রতিমন্ত্রী আজ সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ ঝড়ে ক্ষতিগ্রস্ত খারুয়া ইউনিয়নের হাটশিরা এলাকা পরিদর্শন করে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণকালে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত জনতাকে ঈদের আগাম শুভেচ্ছাও জানান তথ্য প্রতিমন্ত্রী। এলাকা পরিদর্শনকালে তথ্য প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির ও খারুয়া ইউনিয়ন বিএনপিনেতা অলিউল্লাহ অলিসহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আইয়ুব আলী, ময়মনসিংহ