ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
দেশের অর্থনীতিকে গতিশীল করতে এবং একটি টেকসই ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। আজ শুক্রবার (২৯ মে) সকাল ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে রাজবাড়ী পৌরসভা হলরুমে অনুষ্ঠিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, সরকারের আগামী প্রথম বাজেটেই ব্যবসাবান্ধব সুনির্দিষ্ট নীতি, অভ্যন্তরীণ বিনিয়োগ বৃদ্ধি, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং নীতিমালার ধারাবাহিকতার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
অর্থ উপদেষ্টা বলেন, দেশের অবহেলিত ও পিছিয়ে পড়া অঞ্চলগুলোতে শিল্প উৎপাদন বাড়াতে এবং স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বিশেষ প্রণোদনা দেওয়া হবে। ইতোমধ্যে দেশে প্রায় ৬০ হাজার কোটি টাকার একটি বিশাল প্রণোদনা কার্যক্রম শুরু করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে বন্ধ হয়ে যাওয়া শিল্প-কলকারখানাগুলো পুনরায় চালুর ক্ষেত্রে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, এগুলো চালু করতে উদ্যোক্তাদের অত্যন্ত স্বল্প সুদে বিশেষ ঋণ সহায়তা দেওয়া হবে।
ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর নারী উদ্যোক্তাদের উন্নয়ন প্রসঙ্গে বলেন, নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে এবং বিশেষ করে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও কুটির শিল্প (এসএমই) খাতের নারী উদ্যোক্তাদের জন্য আগামী বাজেটে বিশেষ সুযোগ-সুবিধা ও নীতিগত ছাড় রাখা হবে। পাশাপাশি ভৌগোলিকভাবে অবহেলিত অঞ্চলের নতুন উদ্যোক্তাদের জন্য আলাদা আর্থিক সহায়তার কাঠামো তৈরি করা হচ্ছে।
উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের গৃহীত এই অর্থনৈতিক পদক্ষেপগুলো মাঠপর্যায়ে সফলভাবে বাস্তবায়িত হলে রাজবাড়ী জেলাতেও শিল্পায়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে এক বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। এ দিন সভায় স্থানীয় স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন খাত নিয়ে সরকারের বিভিন্ন মেগা পরিকল্পনার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
রাজবাড়ীর জেলা প্রশাসক জোবায়দা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম, পুলিশ সুপার মোহা. মনজুর মোরশেদ এবং সিভিল সার্জন ডা. এস এম মাসুদসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উন্মুক্ত এই মতবিনিময় সভায় রাজবাড়ীর পদ্মার ভাঙন রোধ, দৌলতদিয়া ঘাটের আধুনিকায়ন এবং স্থানীয় কলকারখানার নানাবিধ সমস্যা ও অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপদেষ্টার কাছে তাঁদের সুনির্দিষ্ট মতামত ও দাবি তুলে ধরেন।

মো. কবির হোসেন, রাজবাড়ী