ঈদের আমেজেও নিজ এলাকায় ব্যস্ত দিন কাটাচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ঈদের দিন থেকে নানা সামাজিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নিচ্ছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ঈদের আমেজেও দায়িত্ব পালন থেকে থেমে থাকছেন না তিনি।
আজ শনিবার (৩০ মে) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির নতুন বাজারে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন তথ্য প্রতিমন্ত্রী।
এর আগে গতকাল শুক্রবার (২৯ মে) প্রতিমন্ত্রী মোয়াজ্জেমপুর এলাকায় এক জানাজায় অংশ নেন। এ সময় কবরস্থানে নেওয়ার জন্য মরহুমের মরদেহ বহনকারী খাটিয়া তিনি নিজ কাঁধে তুলে নেন। এতে বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। জানাজা শেষে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
একই দিন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, নান্দাইল (নরসুন্দা) আয়োজিত সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান এবং সামাজিক উন্নয়নে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
দিনের আরেক কর্মসূচিতে প্রতিমন্ত্রী ব্রহ্মপুত্র স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন। তিনি শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানান।
যে সব এলাকায় গাড়ি চলাচলের রাস্তা নেই সে সব এলাকা বাইকে চড়ে চষে বেড়িয়েছেন প্রতিমন্ত্রী। এ সময় জনগণের খোঁজখবর নিতে করেছেন কুশল বিনিময়।
এ ছাড়া, দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের খোঁজখবর নেন ইয়াসের খান চৌধুরী। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি উন্নয়ন কর্মকাণ্ড ও জনদুর্ভোগ নিরসনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উপজেলার মধুপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সরকারের নেওয়া নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে মসজিদের মুসুল্লিদের অবহিত করেন তিনি।
দিনের অন্য আরেকটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করা অর্থের চিঠি সংশ্লিষ্ট প্রতিনিধিদের হাতে তুলে দেন প্রতিমন্ত্রী।

আইয়ুব আলী, ময়মনসিংহ