ফরিদপুরে ব্যবসায়ীসহ দুজনের মরদেহ উদ্ধার
ফরিদপুরের নগরকান্দা ও বোয়ালমারী উপজেলা থেকে এক কাঠ ব্যবসায়ীসহ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৩ জুন) সকালে পৃথক স্থান থেকে এই দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুরের নগরকান্দা উপজেলার কৃষ্ণপুর গ্রামে গাছ কাটার সময় গাছ থেকে পড়ে সেখ আকু (৬৫) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শেখ আকু কুঞ্জনগর এলাকার বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কৃষ্ণপুর এলাকায় একটি চালতা গাছ কাটার কাজ করছিলেন সেখ আকু। গাছ কাটার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে যান। এসময় নিচে থাকা একটি বাঁশের খুঁটির ওপর তিনি আছড়ে পড়লে খুঁটিটি তার গলার ভেতর ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে, আজ সকালে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের একটি পাটক্ষেতের ভেতর থেকে মো. তৌহিদ মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মো. আব্দুল কাইয়ুমের ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত তৌহিদ জাহাজে চাকরি করতেন। গত কয়েকদিন ধরে তিনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। এর মধ্যে গত ১ জুন থেকে তিনি হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হন। আজ সকালে স্থানীয় লোকজন পাটক্ষেতের ভেতর তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে কী কারণে তার এই রহস্যজনক মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সঞ্জিব দাস, ফরিদপুর