জনশক্তি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন, দক্ষতা অর্জন করে কোরিয়া যাবেন ৩০০ জন
ফরিদপুরে ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক জনশক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ জুন) বিকেল ৪টার দিকে ফরিদপুর কারিগরি টিচার্স ট্রেনিং সেন্টার (টিটিসি) মাঠে আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্রের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ সরকার, কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (কোইকা) ও হানবেক কোং লিমিটেডের যৌথ সহযোগিতায় ফরিদপুরে এই আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্রটি গড়ে তোলা হচ্ছে।
প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিনাত আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রকল্পের মাধ্যমে দেশের যুবসমাজকে ভাষা শিক্ষা ও ট্রান্সমিশন লাইন নির্মাণ কাজের ওপর বিশেষ বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে। আগামী ২০২৯ সাল পর্যন্ত এই প্রকল্পটির কার্যক্রম চলমান থাকবে। এখান থেকে সফলভাবে স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতা অর্জনকারীদের মধ্য থেকে বিভিন্ন ধাপে ৩০০ জনকে উচ্চ বেতনে দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহরাব হোসেন, কোইকা বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর কিমজি অন, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ইয়াং হয়ান উ-সহ কোরিয়া ও বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সঞ্জিব দাস, ফরিদপুর