বাল্যবিবাহ বন্ধ করে বরকে ২৫ হাজার টাকা জরিমানা
গোপনে আয়োজন করা একটি বাল্যবিবাহ বন্ধ করে বরকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৩ জুন) বিকেলে অভিযান চালিয়ে রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নে বাল্যবিবাহ নিরোধ আইনে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।
উপজেলা প্রশাসন জানায়, কালিকাপুর ইউনিয়নে অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বিয়ের আয়োজন করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় কনের জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে দেখা যায়, তার বয়স আইনগত বিয়ের নির্ধারিত বয়সের নিচে। পরে তাৎক্ষণিকভাবে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়। পরে বাল্যবিবাহ নিরোধ আইনে সদর উপজেলার চর নারায়ণপুর গ্রামের মো. খলিল খাঁর ছেলে মো. সাকিব খাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে তিনি নিজের অপরাধ স্বীকার করলে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
এ সময় বর ও কনে পক্ষের অভিভাবকরা কনের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে না দেওয়ার অঙ্গীকার করে লিখিত মুচলেকা দেয়।
অভিযান চলাকালে স্থানীয়দের মধ্যে বাল্যবিবাহের কুফল, নারী শিক্ষা, মাতৃস্বাস্থ্য ও শিশুস্বাস্থ্যের ঝুঁকি এবং এ অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনি শাস্তির বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
ইউএনও মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোথাও বাল্যবিবাহের তথ্য পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মো. কবির হোসেন, রাজবাড়ী