চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে নারীসহ নিহত ৬
চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় বজ্রাঘাতে তিন নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শিবগঞ্জ উপজেলাতেই মারা গেছেন তিনজন। আজ বৃহস্পতিবার (৪ মে) বিকেলে বৃষ্টির সময় বজ্রপাত হলে এর আঘাতে তারা মারা যান।
বজ্রাঘাতে মৃত ব্যক্তিরা হলেন সদর উপজেলার আতাহার এলাকার রাব্বিলের ছেলে আব্দুল্লাহ (১৪), শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আব্দুর রউফের স্ত্রী মাহমুদা বেগম (১৯), রানীবাড়ি বাজারপাড়ার কাশেম আলীর মেয়ে সাহিদা খাতুন (১৬) ও মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার ফিটু আলী ছেলে মেসবাউল (১৪) এবং নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের লাহাপড়া গ্রামের আব্দুর রাকিবের স্ত্রী সুমি আরা (৪০) ও নেজামপুর ইউনিয়নের গোসাইপুর গ্রামের সামিউল ইসলামের ছেলে হাসান আলী (২১)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, শিবগঞ্জের তিনজনই মারা গেছের বাড়ি সংলগ্ন আম বাগানে। বৃষ্টির মধ্যে বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে মারা যান তারা।
সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, সদর উপজেলার আতাহারে বৃষ্টির মধ্যে মাঠে গরু আনতে গিয়ে বজ্রাঘাতের শিকার হয় আব্দুল্লাহ। বজ্রাঘাতে গুরুতর আহত আবদুল্লাহকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান, উপজেলার ফতেপুর ইউনিয়নের একটি মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে সুমি মরা যান। এ ঘটনায় তার স্বামী আব্দুর রাকিব আহত হন। বাগানে আম কুড়াতে গিয়ে মারা যান হাসান আলী।
শিবগঞ্জে নিহত তিনজনের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। সদর ও নাচোল উপজেলার মারা যাওয়া তিন পরিবাকেও অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ