আলুবোঝাই ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি ব্রিজ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা ইউনিয়নে অতিরিক্ত আলুবোঝাই একটি ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। মঙ্গলবার (৯ জুন) দিনগত রাত ৩টার দিকে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের দেবীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর ফলে মঠবাড়িয়া ও পাথরঘাটার সাথে ঢাকা, বরিশাল, খুলনাসহ দেশের দূরপাল্লার বেশ কয়েকটি রুটের সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা আলুবোঝাই একটি ট্রাক মঠবাড়িয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে ভোর রাতে দেবীপুর এলাকার বেইলি ব্রিজটি অতিক্রম করার সময় হঠাৎ সেটি ভেঙে পড়ে। ঘটনার পর থেকেই ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছেন। তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে গুরুত্বপূর্ণ এই ব্রিজটি ভেঙে পড়ায় মঠবাড়িয়া ও পাথরঘাটা অঞ্চলের সাধারণ মানুষ, মোটরসাইকেল, অটোরিকশা ও দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিকল্প পথে যাতায়াত করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সময় ও ভাড়া দুই-ই দ্বিগুণ লাগছে।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার জানান, ভেঙে পড়া বেইলি ব্রিজটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছিল ২০ মেট্রিক টন। কিন্তু আলুবোঝাই ট্রাকটিতে নিয়মের চেয়ে অনেক বেশি অতিরিক্ত লোড থাকায় ব্রিজটি ভেঙে পড়েছে।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, ব্রিজ ভাঙার খবর পেয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। দ্রুততম সময়ের মধ্যে খাল থেকে ট্রাকটি উদ্ধার এবং বেইলি ব্রিজটি সংস্কার করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।

রশিদ আল মুনান, পিরোজপুর