গোসল করতে পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
বরগুনা সদর উপজেলার চলুয়া ইউনিয়নে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও তার দুই বছরের শিশুপুত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) বেলা ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে কোনো এক সময়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চলুয়া ইউনিয়নের উত্তর রায়ভোগ গ্রামের বাসিন্দা নুপুর (৩৫) এবং তার ছেলে সাহাদাত হোসেন (২)। নুপুর স্থানীয় বাসিন্দা মিরাজ হাওলাদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল এলাকার বৈদ্যুতিক লাইনের একটি তার ঝড়ের কারণে ছিঁড়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। বিষয়টি অজানা থাকায় বুধবার নুপুর তার শিশুপুত্রকে নিয়ে ওই পুকুরে গোসল করতে নামেন। এ সময় বিদ্যুতায়িত পানির সংস্পর্শে তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, খবর পেয়ে বরগুনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)