বিশ্বকাপে ইংল্যান্ডকে সমর্থন করছেন প্রধানমন্ত্রী
সারা বিশ্বের সঙ্গে ফুটবল বিশ্বকাপের তুমুল উন্মাদনায় মেতেছে বাংলাদেশও। শহর থেকে গ্রাম সব জায়গায় এখন ফুটবল নিয়ে মুখর আলোচনা ও বিশ্লেষণ। বিশ্বকাপে কে কোন দলের সমর্থক এবং কার হাতে উঠবে সোনালি ট্রফি, তা নিয়ে চায়ের টেবিল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তর্ক-বিতর্কের শেষ নেই। এ তুমুল উন্মাদনার আবহে এবার জানা গেল খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দলকে সমর্থন করছেন। সরাসরি কোনো দেশের নাম মুখে না আনলেও প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ ইঙ্গিত ধরে নেটিজেন ও ফুটবলপ্রেমীদের বুঝতে বাকি নেই তার প্রিয় দল কোনটি।
আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, বিশ্বকাপ ফুটবল চলছে, এই বিশ্বকাপের জোয়ারে বাংলাদেশও ভাসছে। আপনি কোন দেশকে সমর্থন করেন?
তারেক রহমান সরাসরি জবাব না দিয়ে বলেন, ‘আমি দীর্ঘদিন একটি দেশে ছিলাম, বুঝতেই পারছেন’। পরে ওই সাংবাদিকের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি আপনার উত্তর পেয়েছেন তো।’
২০০৮ সালের সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পর চিকিৎসার জন্য বাংলাদেশ ছাড়েন তারেক রহমান। পরবর্তীতে তিনি স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে লন্ডনে বসবাস শুরু করেন। বিদেশে ১৭ বছর কাটানোর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর পরিবারসহ দেশে ফেরেন তিনি।
আগামী ১৮ জুন রাত ২টায় ইংল্যান্ডের প্রথম খেলা ক্রোয়েশিয়ার সঙ্গে। গত ১১ জুন মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান এবং সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠেছে। সবচেয়ে বড় এই ৩৯ দিনের টুর্নামেন্টে এবার রেকর্ড ৪৮টি দল অংশ নিচ্ছে। আগামী ১৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনালের মাধ্যমে বিশ্বকাপের পর্দা নামবে।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)