তরুণীর পেট থেকে বের হলো ৩ কেজি ওজনের টিউমার
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ২২ বছর বয়সী এক তরুণীর পেট থেকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে প্রায় ৩ কেজি ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ জুন) দিনগত রাতে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়।
অস্ত্রোপচারটি সফলভাবে পরিচালনা করেন হাসপাতালটির চেয়ারম্যান ও সার্জন ডা. আরিফ উল হাসান।
হাসপাতাল ও রোগীর পরিবার সূত্রে জানা গেছে, শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা ওই তরুণী দীর্ঘদিন ধরে পেটে অস্বাভাবিক ফোলাভাব ও তীব্র ব্যথা অনুভব করছিলেন। পরে মেডিল্যাব হসপিটালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানো হলে তার পেটে বড় আকারের একটি টিউমার শনাক্ত হয়। চিকিৎসকদের জরুরি পরামর্শে পরে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। দেড় ঘণ্টাব্যাপী চলে এই জটিল অস্ত্রোপচার। বর্তমানে ওই রোগী চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
অস্ত্রোপচারকারী সার্জন ডা. মো. আরিফ উল হাসান জানান, রোগী দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছিলেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে টিউমার নিশ্চিত হওয়ার পর আমরা অস্ত্রোপচার করি। সফলভাবে ৩ কেজি ওজনের টিউমারটি অপসারণ করা সম্ভব হয়েছে। রোগী এখন সম্পূর্ণ শঙ্কামুক্ত।
মফস্বল অঞ্চলে জটিল সব অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করে ডা. আরিফ উল হাসান ইতোমধ্যে চিকিৎসকমহলে ও সাধারণ মানুষের মাঝে বেশ আলোচিত। এর আগে গত এপ্রিল মাসে একই হাসপাতালে আরেক নারীর পেট থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বিশাল টিউমার অপসারণ করেছিলেন তিনি। এছাড়া ২০২৪ সালের এপ্রিল মাসে এক ব্যক্তির পায়ুপথে ঢুকে যাওয়া ৬ ইঞ্চি সাইজের একটি আস্ত ডাব কোনো প্রকার কাটাছেঁড়া ছাড়াই বের করে এনে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন এই সার্জন।

শরীফুল ইসলাম, চাঁদপুর