‘গাজা ফ্লোটিলা’র আটক কর্মীদের হাত বাঁধা ও হাঁটু গেড়ে বসা ছবি প্রকাশ
ইসরায়েলের উগ্র-ডানপন্থি জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গ্যাভির আজ বুধবার (২০ মে) একটি ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওতে গাজাগামী ফ্লোটিলা (ত্রাণবাহী জাহাজ বহর) থেকে আটক হওয়া মানবাধিকার কর্মীদের হাত পেছনে বাঁধা এবং কপাল মাটিতে ঠেকিয়ে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা গেছে। খবর বার্তা সংস্থা এএফপির।
ইতামার বেন গ্যাভিরের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এবং ‘ইসরায়েলে স্বাগতম’ ক্যাপশন দেওয়া এই ফুটেজে দেখা যায়, ইসরায়েলি জাতীয় সঙ্গীত জোরালো আওয়াজে বাজার সময় একটি সামরিক নৌকার ডেকে এবং ইসরায়েলের একটি আটক কেন্দ্রে ডজন খানেক মানবাধিকার কর্মী বন্দি অবস্থায় আছেন। এতে ইসরায়েলি মন্ত্রীকে দেশটির পতাকা ওড়াতে দেখা যায়।
গত মাসে ইসরায়েলি বাহিনী আগের একটি বহরকে আটকে দেওয়ার পর, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবরোধ ভাঙার সর্বশেষ প্রচেষ্টা হিসেবে 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা' গত সপ্তাহে তুরস্ক থেকে রওনা হয়েছিল।
প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, বেন গ্যাভির যখন হেঁটে যাচ্ছিলেন তখন একজন মানবাধিকার কর্মী দাঁড়িয়ে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিলে আটক কেন্দ্রটির কর্মচারীরা তাকে চেপে ধরে নিচে নামিয়ে দেয় এবং ইসরায়েলি মন্ত্রী তখন ওই কর্মচারীদের উৎসাহ দিয়ে যাচ্ছিলেন।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সার ভিডিওটি প্রকাশের পর বেন গ্যাভিরের তীব্র নিন্দা করেছেন। এক্স-এ গিদন সার বলেন, ‘আপনি এই লজ্জাজনক প্রদর্শনীর মাধ্যমে জেনেশুনে আমাদের রাষ্ট্রের ক্ষতি করেছেন—এবং এটিই প্রথমবার নয়।’ তিনি আরও বলেন, ‘বেন গভির ইসরায়েলের আসল প্রতিচ্ছবি নন।’
এই ফুটেজের প্রতিক্রিয়ায় আইনি অধিকার সংস্থা 'আদালাহ' এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান অপরাধের মোকাবিলা করতে চাওয়া মানবাধিকার কর্মীদের ওপর ইসরায়েল নির্যাতন ও অবমাননার একটি অপরাধমূলক নীতি প্রয়োগ করছে। আদালাহ আরও জানায়, তাদের আইনজীবীরা দক্ষিণ ইসরায়েলের আটক কেন্দ্রে গিয়ে ৪৩০ জনেরও বেশি আটক মানবাধিকার কর্মীদের সঙ্গে দেখা করেছেন।
গাজার অর্ধেকেরও কম অংশ নিয়ন্ত্রণ করা ফিলিস্তিনি ইসলামপন্থি সংগঠন হামাস এই ভিডিও প্রকাশের পর নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা বেন গ্যাভিরের এই কর্মকাণ্ডকে অপরাধী শত্রু রাষ্ট্রের (ইসরায়েল) নেতাদের মানসিকতায় নৈতিক পতন হিসেবে অভিহিত করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক