লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৩১
লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। নতুন এই হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৬ মে) ভোররাত পর্যন্ত চলা হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ লেবানন ও বেকা উপত্যকার বিভিন্ন এলাকা। বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খবর বিবিসির।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করা হবে। মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, আমরা লেবাননে অভিযান আরও বাড়াচ্ছি এবং উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে শক্ত অবস্থান নিচ্ছি।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা এক রাতে হিজবুল্লাহর ১০০টির বেশি অবকাঠামো, অস্ত্র গুদাম, কমান্ড সেন্টার ও যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিকে সবচেয়ে বড় হামলাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বেকা উপত্যকার মাশঘারা গ্রাম এবং দক্ষিণাঞ্চলের বুর্জ আল-শামালি এলাকায় একের পর এক বিমান হামলা চালানো হয়। কিছু হামলা ইউনেস্কো স্বীকৃত প্রায় ৯০০ বছরের পুরোনো ঐতিহাসিক বিউফোর্ট দুর্গের কাছেও আঘাত হানে।
মাশঘারা এলাকায় ধ্বংসস্তূপ থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে এক নারী ও দুই শিশু রয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
ধ্বংসস্তূপের নিচ থেকে সাত বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়। হাসপাতালের বিছানায় থেকে সে জানায়, ক্ষেপণাস্ত্র হামলার সময় সে ঘুমিয়ে ছিল। ওই হামলায় তার বাবা ও দুই বোন নিহত হয়েছেন।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, আরব সালিম শহরে নিজ বাড়িতে এক দম্পতি নিহত হয়েছেন। এছাড়া কাওতারিয়েত এল রেজ গ্রামেও পৃথক হামলায় দুইজন নিহত হন।
হিজবুল্লাহ পাল্টা হামলার দাবি করেছে। সংগঠনটি জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের তিনটি সামরিক ব্যারাক ও একটি সেনা পোস্টে হামলা চালিয়েছে। তাদের দাবি, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় এই জবাব দেওয়া হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার নতুন করে লেবাননের কয়েকটি এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে। সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র দাবি করেন, হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করায় ইসরায়েল ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।
গত মার্চ থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩ হাজার ১৮৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে হিজবুল্লাহর হামলায় ২৩ ইসরায়েলি সেনা ও একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল।

এনটিভি অনলাইন ডেস্ক