ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফ্যামিলি কার্ডে দিন বদলের স্বপ্ন দেখছেন শব্দকর পাড়ার বাসিন্দারা

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ১৭ জুন ২০২৬   আপডেট: ০৯:৩৬, ১৭ জুন ২০২৬
ফ্যামিলি কার্ডে দিন বদলের স্বপ্ন দেখছেন শব্দকর পাড়ার বাসিন্দারা

শব্দকর সম্প্রদায়ের নারীরা।

ফ্যামিলি কার্ড পাওয়ার খবরে মৌলভীবাজারের রাজনগর উপজেলার হরিপাশা গ্রামের শব্দকর পাড়ায় বইছে আনন্দের হাওয়া। শব্দকর সম্প্রদায়ের ৭৫ পরিবারের মধ্যে ৫৩ জন ফ্যামেলি কার্ড পাচ্ছেন। ফলে স্বল্প আয়ের পরিবারগুলোর মধ্যে নতুন আশার সঞ্চার হচ্ছে। পাড়াজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই কার্ডের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সহজলভ্য হওয়ার সম্ভাবনা।

আরো পড়ুন:

স্থানীয়দের ভাষ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ফ্যামিলি কার্ড তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। অনেক পরিবারই মনে করছে, এই উদ্যোগ তাদের জীবনযুদ্ধে টিকে থাকতে সাহস জোগাবে।

বুধবার (১৭ জুন) ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্ড আনার জন্য মৌলভীবাজার যাবেন এমন সংবাদে শব্দকর পাড়ার বাসিন্দাদের মুখে ফুটে উঠেছে স্বস্থির হাসি।

মঙ্গলবার সন্ধ্যায় সরেজমিনে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হরিপাশা গ্রামের শব্দকর পাড়ার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এ প্রতিবেদক। এসময় সুবিধাভোগী রিবাকর (৩০) বলেন, “আমরা আনন্দিত। আমাদের শব্দকর পাড়ায় আজ আনন্দের হাওয়া বইছে। এটি শুধু একটি কার্ড নয়, বরং সীমিত আয়ের মানুষের
জন্য নিরাপদ জীবনের এক টুকরো ভরসা।”

পাশে দাঁড়িয়ে ছিলেন সোনামনি শব্দকর (৩৫)। তিনি বলেন, “আমরা অবহেলিত জনগোষ্ঠী। আমাদের ভিটেমাটি ছাড়া আর কিছু নেই। আমাদের পাড়ার পুরুষদের কেউ রিকশাচালক, কেউ দিনমজুর। মহিলারা বেকার থাকেন। ফ্যামেলি কার্ড পাওয়ার খবরে ঘরে ঘরে আনন্দের ঝিলিক লেগেছে।”

পাড়ার অপর বাসিন্দা শোকলা কর বলেন, “প্রকৃত সুবিধাভোগীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া গেলে এটি সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” একই সঙ্গে সুষ্ঠু ও স্বচ্ছ তালিকা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। যাতে কোনো যোগ্য পরিবার এই সুবিধা থেকে বঞ্চিত না হয়।

এলাকার শিক্ষক আরব আলী বলেন, “ফ্যামিলি কার্ড পাওয়ার সংবাদে শব্দকর পাড়ার মানুষের চোখে-মুখে যে আনন্দের ঝিলিক দেখা দিয়েছে, তা যেন কেবল একটি সরকারি সহায়তা কর্মসূচির প্রতিফলন নয়, বরং সংগ্রামী মানুষের বেঁচে থাকার লড়াইয়ে নতুন আশা ও সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত।”

রাজনগর উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা আজাদুর রহমান বলেন, “আমরা নির্ধারিত ফরম অনুযায়ী চার থেকে পাঁচ ধাপে তদন্ত করে সুবিধাভোগীদের নির্বাচিত করেছি। এই ওয়ার্ডের হারিপাশা শব্দকর সম্প্রদায়ের ৭৫ পরিবারের মধ্যে ৫৩ জনকে ফ্যামেলি কার্ড দেওয়া হবে।”

ঢাকা/আজিজ/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়