‘হিট সিনেমা’ ফিরল স্টার সিনেপ্লেক্সে
ছবির কোলাজ
ঈদের আমেজ শেষ হতে না হতেই নতুন আয়োজন নিয়ে হাজির হয়েছে স্টার সিনেপ্লেক্স। দর্শকদের হলমুখী করতে সপ্তাহব্যাপী আয়োজন করেছে ‘সামার বাংলা হিট ফেস্ট’। ১৯-২৫ জুন পর্যন্ত চলবে এটি।
বিশেষ এই উৎসবে প্রদর্শিত হবে সাম্প্রতিক সময়ের আলোচিত চারটি বাংলা চলচ্চিত্র। এগুলো হলো— ‘বরবাদ’, ‘তাণ্ডব’, ‘উৎসব’ এবং ‘বনলতা এক্সপ্রেস’। স্টার সিনেপ্লেক্সের সব শাখায় চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।
স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ উপলক্ষে পরিবার নিয়ে সিনেমা দেখতে আসা দর্শকের সংখ্যা বেড়েছে। একই সঙ্গে দেশীয় চলচ্চিত্রের প্রতিও দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো। সেই আগ্রহকে আরো উৎসাহিত করতেই এই আয়োজন।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও ইধিকা পাল। অ্যাকশন ও টানটান উত্তেজনায় ভরপুর সিনেমাটি মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’ চলচ্চিত্রে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, আফরান নিশো, সাবিলা নূর ও সিয়াম আহমেদ। মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও প্রতিশোধের গল্পে নির্মিত সিনেমাটি মুক্তির পর ব্যাপক আলোচনার জন্ম দেয়।
তানিম নূর পরিচালিত ‘উৎসব’ চলচ্চিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান। নব্বই দশকের আবহে নির্মিত পারিবারিক গল্পের এই সিনেমা দর্শক-সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে।
একই পরিচালকের ‘বনলতা এক্সপ্রেস’ নির্মিত হয়েছে হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরীফুল রাজ, মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর প্রমুখ। মুক্তির পর এ সিনেমাও দর্শকমহলে ইতিবাচক সাড়া ফেলে।
স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ারসহ দেশের সব শাখায় চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে সিনেপ্লেক্সের কাউন্টার ও অফিসিয়াল ওয়েবসাইটে।
দেশীয় চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ এবং পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমা দেখার সংস্কৃতি আবারো জোরালো হচ্ছে। সেই ধারাবাহিকতাকে এগিয়ে নিতেই এই উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স।
উল্লেখ্য, ঈদুল আজহায় স্টার সিনেপ্লেক্সে সাতটি নতুন চলচ্চিত্র মুক্তি পায়। বর্তমানে প্রেক্ষাগৃহগুলোতে চলছে ‘রইদ’, ‘মালিক’, ‘রকস্টার’ ও ‘বনলতা সেন’। অন্য চলচ্চিত্রগুলোর প্রদর্শনী বন্ধ হয়ে গেছে। পাশাপাশি চলমান সিনেমাগুলোর শো সংখ্যাও কিছুটা কমানো হয়েছে।
ঢাকা/রাহাত/শান্ত