ভারতে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান এবং রাস্তা বন্ধ রাখা নিয়ে রাজ্যটিতে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে।আগামী ২১ জুন অনুষ্ঠেয় এই কর্মসূচির জন্য কলকাতার অন্যতম ব্যস্ত রেড রোড সাত দিনের জন্য বন্ধ রাখায় প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ। মুসলিম ধর্মীয় নেতা ও ইমামদের অভিযোগ, সম্প্রতি এই একই স্থানে ঈদের নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়নি, অথচ যোগ দিবসের জন্য দীর্ঘ সময় রাস্তা বন্ধ রাখা হচ্ছে।
এই বিতর্কের জেরে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও মন্ত্রী দিলীপ ঘোষ সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে অত্যন্ত আক্রমণাত্মক মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভারতের প্রধানমন্ত্রী বছরে একবার আসেন এবং তাঁর নিরাপত্তার স্বার্থে রাস্তা বন্ধ রাখা সম্পূর্ণ যৌক্তিক।
তবে ঈদের নামাজের অনুমতি না পাওয়ার ক্ষোভ প্রসঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, এসবের জন্য রাস্তা আটকানো যাবে না।
সংখ্যালঘুদের ইঙ্গিত করে বিজেপি মন্ত্রী আরও বলেন, নামাজ পড়তে হলে বাংলাদেশ বা পাকিস্তানে চলে যান, সেখানে গিয়ে নামাজ পড়লে কেউ কিছু বলবে না। ভারতে এখন সরকার ও রাজনৈতিক পরিস্থিতি বদলে গেছে উল্লেখ করে তিনি সাফ জানিয়ে দেন যে, এখানে এসব আর চলবে না এবং এই ধরণের সুযোগ-সুবিধা পুরোপুরি বন্ধ করা হবে।