শিক্ষা
শিশুদের মেধা বিকাশের উদ্যোগে কাউকে বাধা হতে দেওয়া হবে না: ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষার্থীদের বহুমাত্রিক মেধা বিকাশে সরকার নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছে। তিনি দৃঢ়ভাবে বলেছেন, মেধা বিকাশের এই উদ্যোগের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা নেতিবাচক প্রচারণা গ্রহণ করা হবে না। আগামী প্রজন্মকে দক্ষ, সৃজনশীল ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।
মঙ্গলবার (১৬ জুন) ঢাকার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ সাংস্কৃতিক, কাবিং ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এবারের প্রতিযোগিতায় প্রায় ২ কোটি ১০ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে এক কোটিরও বেশি ছেলে এবং এক কোটিরও বেশি মেয়ে শিক্ষার্থী ছিল। এত বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের অংশগ্রহণ দেশের শিশু-কিশোরদের প্রতিভা ও সম্ভাবনার একটি উজ্জ্বল চিত্র তুলে ধরেছে।
তিনি আরও বলেন, যে শিক্ষার্থী সংগীতে ভালো, সে যেন স্কুল থেকেই উন্নত প্রশিক্ষণ পায়। যে বিতর্কে দক্ষ, সে যেন বিশ্বমানের বিতার্কিক হওয়ার সুযোগ পায়। যে ক্রিকেট, ফুটবল, টেনিস, ব্যাডমিন্টন কিংবা হা-ডু-ডু খেলতে চায়, সে যেন আন্তর্জাতিক মানের খেলোয়াড় হওয়ার পথ খুঁজে পায়। সেই লক্ষ্যেই আমরা স্কুলভিত্তিক প্রতিভা বিকাশ কর্মসূচি বাস্তবায়ন করছি।
ববি হাজ্জাজ বলেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে যেখানে শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ থাকবে না, বরং গান, নৃত্য, আবৃত্তি, বিতর্ক, বিজ্ঞান, গণিত, খেলাধুলা ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তোলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা, অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
১ দিন আগে
প্রাথমিক শিক্ষকদের বদলির প্রক্রিয়া যাচ্ছে স্থানীয় প্রশাসনের কাছে: ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষকদের বদলি প্রক্রিয়াকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত করতে সরকার একটি নতুন বিকেন্দ্রীভূত ব্যবস্থা চালু করেছে। তিনি বলেছেন, অতীতে শিক্ষক বদলি একটি বড় ধরনের সিন্ডিকেট ও দুর্নীতির ক্ষেত্র হিসেবে পরিচিত ছিল, যা শিক্ষার গুণগত মান উন্নয়নের পথে অন্যতম প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল।
রবিবার (১৪ জুন) রাজধানীর একটি হোটেলে জিপিই এবং ইউনিসেফ আয়োজিত ‘ভ্যালিডেশন ওয়ার্কশপ অন দা বাংলাদেশ এডুকেশন সেক্টর এনালাইসিস (ইএসএ) ২০২৬’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে শিক্ষক বদলি প্রক্রিয়াকে স্থানীয় পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। নতুন নীতিমালার আওতায় উপজেলা, জেলা, বিভাগীয় এবং সিটি করপোরেশন পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হচ্ছে, যারা নির্দিষ্ট সময় অন্তর বসে বদলির আবেদনসমূহ পর্যালোচনা করবে।
তিনি বলেন, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ৪ সদস্যের কমিটি উপজেলা পর্যায়ের আবেদন যাচাই-বাছাই করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদলির আদেশ জারি করবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, একইভাবে জেলা, বিভাগীয় এবং সিটি করপোরেশন পর্যায়ে ৫/৬ সদস্যের কমিটি থাকবে যারা সংশ্লিষ্ট বদলি আবেদন যাচাই-বাছাই করে বদলি আদেশ জারি করবে। সিটি করপোরেশন, বিভাগীয়, জেলা প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক কমিটিতে যথাক্রমে অতিরিক্ত মহাপরিচালক (প্রাথমিক শিক্ষা অধিদপ্তর), বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সভাপতি থাকবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রধান অতিথির বক্তব্যে তিনি মাধ্যমিক, উচ্চশিক্ষা, মাদরাসা, কারিগরি শিক্ষা নিয়ে সরকারের বিস্তারিত কার্যক্রম তোলে ধরেন।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, অধিদপ্তর, ইউনিসেফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৩ দিন আগে
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতায় আমরা এগিয়ে নিয়ে যাব। ইতোমধ্যে আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার মানদণ্ডে উন্নীত করার লক্ষ্যে কাজ করছি। দেশের এ বিশাল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শুক্রবার (১২ জুন) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবন ধারণা প্রদর্শনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা আগে যে ধরনের মুখস্থনির্ভর শিক্ষা গ্রহণ করেছি, বর্তমান শিক্ষাব্যবস্থা সেটির চেয়ে সম্পূর্ণ আলাদা। বর্তমান শিক্ষাব্যবস্থা মূলত ইনোভেশন, স্টার্টআপ এবং প্রজেক্ট বেইজড। শিক্ষার গুরুত্ব বিবেচনায় নিয়ে বর্তমান বাজেটে এ খাতে বরাদ্দও বৃদ্ধি করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল। প্রদর্শনীতে ৬ কলেজসহ উপজেলার মোট ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
শিক্ষার্থীরা এখানে তাদের উদ্ভাবনী চিন্তার মোট ২৯টি প্রজেক্ট উপস্থাপন করে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটিগরিতে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
প্রজেক্ট প্রদর্শন প্রতিযোগিতায় প্রথম স্থান কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান গুলবাহার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ বিজয়ী লাভ করে।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির, উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাওকাত হোসেন সুমন, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম, শিক্ষক, সুধী ও আমন্ত্রিত অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন।
৪ দিন আগে
এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের এসএসসির রেজাল্ট ২০ জুলাই আউট করবে, সেই নির্দেশনা আমরা দিয়েছি।
সংবাদ সম্মেলনে শিক্ষাব্যবস্থার চলমান সংস্কার কার্যক্রম নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি জানান, শিক্ষাক্রম (কারিকুলাম) পরিমার্জনের জন্য ব্যাপক কার্যক্রম চলছে। আগামী বছর চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনাও সরকারের রয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। গত ২০ মে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়েছে। দাখিল এবং এসএসসি ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৪ মে।
এ বছর মাধ্যমিক স্তর উত্তীর্ণ হওয়ার এ পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।
মোট পরীক্ষার্থীর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছেলে এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন মেয়ে। দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয় তারা।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন ছেলে এবং ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন মেয়ে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন ছেলে এবং ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন মেয়ে। এ পরীক্ষা অনুষ্ঠিত হয় ৭৪২টি কেন্দ্রে।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১ লাখ ১ হাজার ৫০৯ জন ছেলে এবং ৩৩ হাজার ১৫১ জন মেয়ে। পরীক্ষা অনুষ্ঠিত হয় ৬৫৩টি কেন্দ্রে।
৯ দিন আগে
প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের বিজ্ঞান-প্রযুক্তির দক্ষতার ভিত্তি শক্তিশালী করা প্রয়োজন: ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, তুরস্ক বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে যে অগ্রগতি অর্জন করেছে, বাংলাদেশও ভবিষ্যতে সেই পর্যায়ে পৌঁছাতে চায়। এজন্য প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের বিজ্ঞান, গণিত, প্রযুক্তি ও সমস্যা সমাধানমূলক দক্ষতার ভিত্তি শক্তিশালী করা প্রয়োজন।
রবিবার (৭ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তার দপ্তরে তুর্কি কোঅপারেশন অ্যান্ড কোঅরডিনেশন এজেন্সির (টিকা) ভাইস-প্রেসিডেন্ট ড. আলি এরজানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ, শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, কারিকুলাম আধুনিকায়ন এবং শিক্ষার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রতিমন্ত্রী বলেন, তুরস্ক বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে যে অগ্রগতি অর্জন করেছে, বাংলাদেশও ভবিষ্যতে সেই পর্যায়ে পৌঁছাতে চায়। এজন্য প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের বিজ্ঞান, গণিত, প্রযুক্তি ও সমস্যা সমাধানমূলক দক্ষতার ভিত্তি শক্তিশালী করা প্রয়োজন।
তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো এমন একটি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে একজন ১০ বছর বয়সী শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ে প্রবেশের সময় আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার জন্য প্রস্তুত থাকবে।
প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সংস্কার উদ্যোগ তুলে ধরে বলেন, সরকার বর্তমানে শিক্ষক প্রশিক্ষণ, নতুন শিক্ষাক্রম প্রণয়ন, অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল শিক্ষা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
ববি হাজ্জাজ আরও জানান, বাংলাদেশ ইতোমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে শিক্ষা প্রশাসন, কারিকুলাম উন্নয়ন, অবকাঠামো পরিকল্পনা এবং অপ্রাতিষ্ঠানিক শিক্ষা বিষয়ে জ্ঞান বিনিময় কর্মসূচি শুরু করেছে। একই ধরনের সহযোগিতা তুরস্কের সঙ্গেও গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন তিনি।
ভাইস-প্রেসিডেন্ট ড. আলি এরজান বলেন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নেতৃত্ব, কর্মস্পৃহা এবং প্রাথমিক শিক্ষা নিয়ে তার সুদূরপ্রসারী পরিকল্পনা অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার গুণগত মানোন্নয়নে তার উদ্যোগ ও সংস্কার ভাবনা বাংলাদেশের প্রাথমিক শিক্ষাখাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উভয় পক্ষ প্রাথমিক শিক্ষা খাতে সম্ভাব্য আর্থিক ও কারিগরি সহায়তা, মডেল স্কুল উন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষাবান্ধব অবকাঠামো নির্মাণ এবং জাতীয় শিক্ষা দর্শন ও শিক্ষাদান পদ্ধতি বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎ শেষে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করে উভয়পক্ষ।
১০ দিন আগে
দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় সনদনির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতাভিত্তিক, প্রযুক্তিনির্ভর এবং কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, ‘প্রযুক্তিগত বিপ্লব মোকাবিলায় সার্টিফিকেটনির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতাভিত্তিক, প্রযুক্তিনির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই।’
রবিবার (৭ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের ফ্যাসিবাদী শাসন শুধু জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করার পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থাকেও বিপর্যস্ত করেছে।
তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তোলাই হবে সেই পথের প্রধান ভিত্তি।
তারেক রহমান বলেন, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে নিজেদের প্রস্তুত করতে না পারলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে। এ ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কারণ এর অধিভুক্ত দুই হাজারের বেশি কলেজে বর্তমানে ৪০ লাখেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন এবং ইতোমধ্যে এক কোটির বেশি শিক্ষার্থী এখান থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।
বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে উল্লেখ করে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তার মানুষের জন্য নতুন সুযোগ ও চ্যালেঞ্জ দুটোই তৈরি করেছে। অটোমেশন (স্বয়ংক্রিয় প্রযুক্তি) ও এআই-চালিত প্রযুক্তির কারণে অনেক প্রচলিত পেশা ঝুঁকির মুখে পড়েছে বা বিলুপ্ত হয়েছে, আবার একই সঙ্গে নতুন কর্মসংস্থানের ক্ষেত্রও তৈরি হয়েছে।
সরকারপ্রধান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও ফরেনসিক বিজ্ঞান, প্রোগ্রামিং, ডিজিটাল উদ্যোক্তা, ডিজিটাল যোগাযোগ, জ্ঞানীয় সক্ষমতা বৃদ্ধি, উপস্থাপন দক্ষতা, নেতৃত্ব এবং আর্থিক সাক্ষরতার মতো দক্ষতাভিত্তিক বিষয় ছাড়া আধুনিক শিক্ষাক্রম পূর্ণাঙ্গ হতে পারে না।
এছাড়া জেনেটিক প্রকৌশল, জৈবপ্রযুক্তি, কোয়ান্টাম কম্পিউটিং, ইন্ডাসট্রিয়াল ইন্টারনেট অব থিংস, ম্যাটারিয়াল সায়েন্স, ন্যানোপ্রযুক্তি, থ্রিডি প্রিন্টিং এবং পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তির মতো বিষয়গুলো ভবিষ্যতের কর্মক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে প্রাথমিক স্তর থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত শিক্ষাক্রমকে বাস্তবভিত্তিক, কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর করার কাজ শুরু করেছে। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ও পাঠ্যক্রমকে সময়োপযোগী, আধুনিক ও বাস্তবমুখী করতে কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে তিনি প্রশংসা করেন।
তিনি বলেন, শিক্ষা এখন শুধু ব্যক্তিগত উন্নয়নের মাধ্যম নয়; এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনের অন্যতম প্রধান নিয়ামক। এজন্য উচ্চশিক্ষাকে আরও কর্মমুখী করতে শিল্পখাত ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় বাড়ানো, ইন্টার্নশিপ এবং শিল্প-একাডেমিয়া সংযোগ বাধ্যতামূলক করা সময়ের দাবি।
১০ দিন আগে
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে রাজনৈতিক প্রভাবমুক্ত: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের রূপ দিতে ও বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সংশ্লিষ্ট যেকোনো নিয়োগে কোন ধরনের স্বজনপ্রীতি, দলীয়করণ কিংবা রাজনৈতিক প্রভাব বরদাশত করা হবে না। শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে। কারণ আমরা এ বিশ্ববিদ্যালয়কে সত্যিকার অর্থেই বিশ্বমানের করে গড়ে তুলতে চাই।
শুক্রবার (২৯ মে) সকালে ঠাকুরগাঁও শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠের পশ্চিম পাশে তাঁতীপাড়ায় স্থাপিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশার প্রতিফলন। একটি আধুনিক ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়তে হলে শিক্ষার মানের সঙ্গে কখনো আপস করা যাবে না। তাই বিশ্ববিদ্যালয়ে কোনো দলীয় প্রভাব চলবে না, কোনো স্বজনপ্রীতি চলবে না। যাদের সর্বোচ্চ যোগ্যতা ও দক্ষতা থাকবে, তারাই নিয়োগ পাবেন।’
এ সময় প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয়। সেই দাবি বাস্তবায়নে সরকার দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে উপাচার্য নিয়োগও সম্পন্ন হয়েছে এবং অস্থায়ী এ কার্যালয়ও চালু হলো যা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহীন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান, প্রফেসর মনতোষ কুমার দে, বিএনপির জেলা সভাপতি মির্জা ফয়সল আমীন প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার বেলাল হোসেন, বিএনপির জেলা সেক্রেটারি পয়গাম আলী, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল লতিফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক ও সুধীজন।
১৯ দিন আগে
ঢাবির পরিসংখ্যান ৮৮ ব্যাচের উদ্যোগে কুড়িগ্রামের চরে কোরবানির মাংস বিতরণ
ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন কুড়িগ্রাম সদর উপজেলার কালির আলগা চরের দরিদ্র মানুষের মাঝে কোরবানির গরুর মাংস বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৮৮তম ব্যাচের শিক্ষার্থীরা।
শুক্রবার (২৯ মে) দুপুরে যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা চরে আয়োজিত এ মানবিক কার্যক্রমে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষার্থী ও কুড়িগ্রাম জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
আয়োজকরা জানান, ঈদুল আজহার আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত ও চরাঞ্চলের অসহায় মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্য থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গম চরাঞ্চলের মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, নদীবেষ্টিত ও বিচ্ছিন্ন চরের মানুষের জন্য এমন সহায়তা ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে।
এ সময় উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রহিমুদ্দিন হায়দার রিপন, ইউপি সদস্য হোসেন আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
১৯ দিন আগে
ঢাবির ক্রীড়াবিদদের ১০ লাখ টাকার অনুদান: ড. সালমা আরজুর মানবিক উদ্যোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাধুলা শুধু সহশিক্ষা কার্যক্রম নয়; এটি বহু শিক্ষার্থীর স্বপ্ন, সংগ্রাম ও আত্মপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। প্রতিদিন ক্লাস শেষে অসংখ্য শিক্ষার্থী মাঠে গিয়ে কঠোর অনুশীলন করেন। কেউ জাতীয় পর্যায়ে নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন, কেউ আবার দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছেন। তবে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে তাদের অনেককেই পুষ্টিকর খাবার, প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী ও শিক্ষা উপকরণ সংগ্রহে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়।
এই প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের উপপরিচালক ড. সালমা আরজু (কবিতা) ও তার পরিবারের উদ্যোগ বিশেষভাবে প্রশংসিত হয়েছে। গত ২৮ মে ২০২৫ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আর্থিকভাবে অসচ্ছল ও প্রতিভাবান ক্রীড়াবিদদের সহায়তায় ১০ লাখ টাকার অনুদান প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা এ উদ্যোগকে শুধু আর্থিক সহায়তা নয়, বরং শিক্ষার্থী ও ক্রীড়াবান্ধব মানবিক দায়বদ্ধতার এক অনুকরণীয় উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
ড. সালমা আরজু দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের সঙ্গে সরাসরি কাজ করছেন। কাছ থেকে তিনি দেখেছেন তাদের নানামুখী সংগ্রাম—পুষ্টিহীনতা, আর্থিক সংকট, পর্যাপ্ত সরঞ্জামের অভাব এবং মানসিক চাপ। একজন ক্রীড়াবিদের জন্য নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি পুষ্টিকর খাদ্য, পর্যাপ্ত বিশ্রাম ও উপযুক্ত পরিবেশ কতটা গুরুত্বপূর্ণ, সেই বাস্তবতা থেকেই তিনি এ উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত হয়েছেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুদানটিকে ক্রীড়াশিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও শিক্ষার্থীকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
সহকারী উপাচার্য অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, ‘ড. সালমা আরজু একজন প্রকৃত শিক্ষার্থী-বান্ধব মানুষ। শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধায় তিনি সবসময় আন্তরিকভাবে পাশে থাকেন। এই অনুদান তারই প্রতিফলন।’
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেই ক্রীড়াপ্রতিভা বিকাশে আরও সক্রিয় ভূমিকা নেওয়া প্রয়োজন ছিল। ড. সালমা আরজুর উদ্যোগ সেই প্রয়োজনীয়তার বিষয়টি সামনে নিয়ে এসেছে।
তিনি জানান, ভবিষ্যতে এই সহায়তা তহবিলকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে খেলোয়াড়দের প্রশিক্ষণ, পুষ্টি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে বক্তারা ড. সালমা আরজুর ব্যক্তিগত মানবিক গুণাবলিরও প্রশংসা করেন। তার এক সহকর্মী জানান, ২২ বছরের কর্মজীবনে তিনি বহু শিক্ষার্থীকে ক্রীড়াসামগ্রী, অনুশীলনের পর পুষ্টিকর খাবার এবং কোভিড-১৯ মহামারির সময় জরুরি চিকিৎসা ও আর্থিক সহায়তা দিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত অনেকে মত দেন, ড. সালমা আরজু শুধু একজন মানবিক মানুষ নন, তিনি একজন দক্ষ ক্রীড়া সংগঠকও। তার নেতৃত্ব ও দূরদৃষ্টির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের ক্রীড়াক্ষেত্রও আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তার ও তার পরিবারের এই উদ্যোগ সমাজের অন্যদের জন্যও একটি ইতিবাচক বার্তা বহন করে—নিজ নিজ অবস্থান থেকে তরুণ প্রতিভাদের পাশে দাঁড়ানো মানেই দেশের ভবিষ্যতের পাশে দাঁড়ানো।
২১ দিন আগে
ব্র্যাক ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীর মৃত্যুতে ডিবেট ফর ডেমোক্রেসির শোক
ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী আজওয়াত তাওসিফ রিয়াসাত ও লাবিব ওয়াদি সোপানের অকালমৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
শুক্রবার (২২ মে) বিকেলে মুন্সীগঞ্জের দেওভোগে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যান এই দুই শিক্ষার্থী।
রিয়াসাত ছিলেন মেজর (অব.) মো. ফজলী মুকিত ও মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল আসফিয়া তাসনিম নীতার দুই সন্তানের মধ্যে দ্বিতীয়। অন্যদিকে, সোপান মুন্সীগঞ্জের বাসিন্দা প্রয়াত মোস্তাকুর রহমানের ছোট ছেলে।
তারা দুজনই ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আজ (শনিবার) ঢাকার মিরপুরে নামাজে জানাজা শেষে রিয়াসাতকে বনানী সেনা কবরস্থানে দাফন করা হয়। একইদিন মুন্সীগঞ্জের দেওভোগ মসজিদে জানাজা শেষে সোপানকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
২৫ দিন আগে