ডাম্প ট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত
নীলফামারী সদর উপজেলায় বেপরোয়া গতির একটি ডাম্প ট্রাকের ধাক্কায় আপন দুই ভাই নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতরা হলেন- সদর উপজেলার পশ্চিম কুচিয়ার মোড় দোলা পাড়া এলাকার তরিকুল ইসলাম বাবুর দুই ছেলে শিহাব হোসেন (১৬) ও ছোয়াদ হোসেন (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ওই তিনজন একসঙ্গে রাস্তা পার হচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ডাম্প ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই ভাই শিহাব ও ছোয়াদের মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা অপর একজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও এর চালককে শনাক্ত করে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ইয়াছিন মোহাম্মদ সিথুন, নীলফামারী