মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের সাজা
নড়াইলের কালিয়ায় এক মাদকসেবীকে আট মাসের সাজা দিয়ে ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ এপ্রিল) বেলা ১টায় উপজেলার বেন্দার চর গ্রামের মো. ইনায়েত শেখকে নিজ বাড়িতে মাদক দ্রব্য সেবন করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জেল জরিমানা করা হয়।
গোপন সংবাদ পেয়ে কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলীর নির্দেশে পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত হয়ে অভিযান চালিয়ে ইনায়েত শেখকে আটক করে। তখন তার কাছ থেকে দুই পিছ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস। পরে ঘটনাস্থলেই আদালত পরিচালনা করে নেশাগ্রস্ত অবস্থায় জনগণের শান্তি বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে আট মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের পেসকারের দায়িত্ব পালনকারী সহকারী কমিশনার কার্যালয়ের নাজির বাবুল শেখ।

এম. মুনীর চৌধুরী, নড়াইল