দাখিল পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র ও লিখিত খাতাসহ আটক ১
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাখিল পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ও পরীক্ষার্থীর লিখিত খাতাসহ জুলফিকার আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার (১৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কামদিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জুলফিকার আলী উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিষমুড়ি গ্রামের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে প্রশ্নপত্র ফাঁস, বদলি পরীক্ষার্থী সরবরাহ এবং পরীক্ষার নানা অনিয়মের সিন্ডিকেটের সঙ্গে জড়িত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার দাখিল পরীক্ষা চলাকালে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা গোপন সংবাদের ভিত্তিতে কামদিয়া দারুল উলুম সিদ্দিকিয়া আলী মাদ্রাসা কেন্দ্রের অদূরে অভিযান পরিচালনা করেন। এসময় বাজারের ভেতরে সন্দেহজনক অবস্থায় জুলফিকার আলীকে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে চলমান পরীক্ষার মূল প্রশ্নপত্র, লিখিত পরীক্ষার উত্তরপত্র (খাতা) ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, দাখিল পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা শনাক্ত করতে তদন্ত চলছে।

কৃষ্ণ কুমার চাকী, গাইবান্ধা
খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)