নাটোরে শুরু হয়েছে আম সংগ্রহ কার্যক্রম
প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী নাটোরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গুটি জাতের আম সংগ্রহ কার্যক্রম। আজ শুক্রবার (১৫ মে) সকালে সদর উপজেলার ভাতুরিয়া এলাকার সরকারি আম বাগানে গাছ পাকা বৈশাখী আম সংগ্রহ করেন বাগান ইজারাদাররা।
এ ছাড়া জেলার বিভিন্ন স্থানের আম বাগান থেকেও চলছে আম সংগ্রহ ও বাজারজাত। এ জেলায় এ বছর পাঁচ হাজার ৬৯৩ হেক্টর জমির বাগান থেকে প্রায় ৪০০ কোটি টাকার ৬৮ হাজার ৩১৬ মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম খান জানিয়েছেন, উত্তরাঞ্চলের চতুর্থ সর্বোচ্চ আম উৎপাদনকারী জেলা হিসেবে নাটোর ইতোমধ্যেই স্থান করে নিয়েছে। আম মৌসুমে এখানকার তমালতলা ও আহম্মদপুর আম হাটে প্রতিদিন কোটি টাকার আম বেচা-কেনা হয়। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এসব হাট থেকে সংগ্রহ করেন নানা জাতের সুমিষ্ট আম। আগামী অক্টোবর পর্যন্ত চলবে আম সংগ্রহ ও বেচা-কেনা।

হালিম খান, নাটোর