তিস্তা নদীতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু
লালমনিরহাট সদর উপজেলার রাজপুর এলাকায় তিস্তা নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৬ মে) দুপুর ১টার দিকে রাজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন তিস্তা নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজপুর বাজার এলাকার রেজাউল করিম মাস্টারের বড় ছেলে সিফাউল করিম সিফাত (১৮) ও ছোট ছেলে সোহায়েব করিম স্বচ্ছ (১৩)।
তারা দুজনেই লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। সিফাত একাদশ শ্রেণিতে এবং স্বচ্ছ নবম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার ছুটির দিন হওয়ায় দুপুরে তিস্তার চরে ফুটবল খেলতে গিয়েছিল দুই ভাই। খেলা শেষে শরীর ধুয়ে নেওয়ার জন্য তারা নদীর তীরে বাঁধা একটি ডিঙি নৌকায় ওঠে। এসময় নৌকার দোলনিতে ছোট ভাই স্বচ্ছ হঠাৎ ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যায়। ছোট ভাইকে বাঁচানোর জন্য বড় ভাই সিফাতও তাৎক্ষণিক নদীতে ঝাঁপ দেয়। কিন্তু নদীর তলদেশে থাকা এক গভীর গর্তে তলিয়ে গিয়ে নিমিষেই নিখোঁজ হয় দুই ভাই।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় এক বছর আগে তিস্তার তীর রক্ষায় জিও ব্যাগে ভরার জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ওই স্থান থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করেছিল। বালু তোলার কারণে নদীর তলদেশে অনাকাঙ্ক্ষিতভাবে প্রায় ১৫ থেকে ১৬ ফুট গভীর এক বিশাল গর্তের সৃষ্টি হয়, যা আগে থেকে বোঝার কোনো উপায় ছিল না। এই চোরা গর্তই মূলত দুই ভাইয়ের অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে।
উদ্ধার কাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা মো. রুবেল ইসলাম জানান, নদীর বাঁধ রক্ষায় কাজের জন্য পাউবো এখান থেকে বালু তোলায় বড় একটি গর্ত তৈরি হয়েছিল। আমি খবর পেয়ে পানিতে নেমে খোঁজাখুঁজি করে দেখি, গভীর গর্তের ভেতর ছোট ভাইয়ের হাত শক্ত করে ধরে আছে বড় ভাই। ধারণা করছি, ছোট ভাই গর্তে পড়ে যাওয়ার পর তাকে টেনে তুলতে গিয়ে বড় ভাইও আর ওপরে উঠতে পারেনি।
এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতদের বাবা রেজাউল করিম মাস্টার পায়ের অপারেশনের জন্য বর্তমানে স্ত্রীসহ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাড়িতে বাবা-মা না থাকার সুবাদেই দুই ভাই চরে খেলতে গিয়েছিল এবং এই দুর্ঘটনা ঘটে।
রাজপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ডাবলু অধিকারী বলেন, ছেলে দুটি অত্যন্ত মেধাবী ও ভদ্র ছিল। ছুটির দিনে তারা চরে ফুটবল খেলতে যেত। অথচ আজ এক মর্মান্তিক দুর্ঘটনা তাদের কেড়ে নিল। তাদের বাবা-মা হাসপাতালে আছেন, এই শোক তারা কীভাবে সইবেন!
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ ইসলাম জানান, পানিতে ডুবেই দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মামুনুর রশিদ, লালমনিরহাট (সদর-আদিতমারী)