বনরক্ষীর গুলিতে অবৈধ মাছ শিকারী নিহত, বন অফিসে আগুন
সুন্দরবনের পাটকেষ্টা অভয়রণ্য এলাকায় অবৈধ মৎস্য শিকারীদের সঙ্গে স্মার্ট পেট্রোলিং গ্রুপের হামলা-পাল্টা হামলা এবং গুলি বর্ষণের ঘটনায় সাতক্ষীরার গাবুরা এলাকার আমিনুর গাজী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই ঘটনায় জেলেদের স্বজনরা সাতক্ষীরা বন বিভাগের আফিসে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় এবং মারধর করে পাঁচ বনকর্মী আহত করেছে।
আজ সোমবার (১৮ মে) সকালে সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখী খাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান গাজী (৪৫) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার বাসিন্দা।
ঘটনার সতত্য নিশ্চিত করেছেন সুন্দরবনের প্রধান বন সংরক্ষক ইমরান আহমেদ।
প্রধান বন সংরক্ষক ইমরান আহমেদ জানান, আজ সকালে সুন্দরবনের পাটকেষ্টা অভয়ারণ্য এলাকায় একদল অবৈধভাবে মৎস্য শিকারীকে স্মার্ট পেট্রোলিং গ্রুপের সদস্যরা ধাওয়া করে। তারা তখন নৌকা ফেলে বনের ভেতর চলে যায়। কিছুক্ষণ পর আরও লোকজন নিয়ে এসে তারা স্মার্ট পেট্রোলিং দলের সদস্যদের ওপর লগি-বৈঠা নিয়ে হামলা চালায়। তখন স্মার্ট পেট্রোলিং দলের সদস্যরা গুলি চালায়। এ ঘটনায় বনের ভিতর গুলিবিদ্ধ একজনের অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়। এরপর নিহত মৎস্য শিকারীর সহযোগীরা সাতক্ষীরা বন বিভাগের অফিসে গিয়ে আগুন ধরিয়ে দেয় এবং বনরক্ষীদের বেধড়ক মারধর করে। এ সময় বনবিভাগের পাঁচ কর্মী আহত হয়ে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি হয়েছে। আহতদের তিনজনের অবস্থা গুরুতর বলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা